
নভেম্বর মাসজুড়ে দেশের বিভিন্ন জেলায় গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ব্যাংকটির ১০৪টি শাখা ও কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ২৯টি শাখার কার্যক্রম।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ নভেম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে ধারাবাহিকভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। সর্বশেষ ২৫ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন জেলার ১০৪টি শাখা ও কার্যালয় ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এসব ঘটনায় ব্যাংকের অবকাঠামো, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্রসহ বিভিন্ন সম্পদের ক্ষতি হয়েছে।
এ ছাড়া এসব ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। নিরাপত্তার কারণে ১০ নভেম্বর থেকে ২৯টি শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, বর্তমানে বোরো মৌসুমের ঋণ কার্যক্রম চলমান থাকলেও বন্ধ থাকা শাখাগুলোর গ্রাহকেরা এ সেবা নিতে পারছেন না। একইভাবে আসন্ন ঈদুল আজহা সামনে রেখে গরু মোটাতাজাকরণ ও পশুপালনের জন্য ঋণ গ্রহণেও সংশ্লিষ্ট এলাকার গ্রাহকেরা সমস্যায় পড়ছেন।
কেন্দ্রীয় ব্যাংকের মতে, এ পরিস্থিতিতে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ব্যাংকটির নিজস্ব ৬৭৭টি ভবন ও স্থাপনা রয়েছে। সাম্প্রতিক হামলার ঘটনায় এসব সম্পদের পাশাপাশি স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম এবং কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
দেশের ব্যাংকিং সেবা স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে সবার সহযোগিতাও চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রামীণ ব্যাংকের সদস্যসংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি। দেশের ৬৪টি জেলার ৮১ হাজার ৬৭৮টি গ্রামে ব্যাংকটির কার্যক্রম বিস্তৃত। বর্তমানে ব্যাংকটির শাখা রয়েছে ২ হাজার ৫২৮টি। এ ছাড়া ২৬১টি এরিয়া অফিস, ৪০টি জোনাল অফিস এবং ৪০টি জোনাল অডিট অফিস রয়েছে।
গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা-শেয়ারহোল্ডারদের এবং বাকি ১০ শতাংশ সরকারের। ব্যাংকটির মোট ঋণস্থিতি প্রায় ১৯ হাজার ২৯৮ কোটি টাকা। সদস্যদের আমানতের পরিমাণ প্রায় ২৫ হাজার ১১৫ কোটি টাকা। এ ছাড়া বিভিন্ন ব্যাংক ও সরকারি ট্রেজারি বিলে ব্যাংকটির প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ রয়েছে।
গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গত ২৩ নভেম্বর বিবৃতি দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বিবৃতিতে তিনি অভিযোগ করেন, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রলবোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা চালানো হচ্ছে। এসব হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি।
অধ্যাপক ইউনূসের দাবি, হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে। হামলার ধরন দেখে তাঁর ধারণা, প্রতিদিন এ ধরনের ঘটনা ঘটানোর জন্য অপরাধীরা ওপরের মহল থেকে নির্দেশনা পাচ্ছে।
বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, কয়েকটি ঘটনায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা প্রাণঘাতী হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এসব ঘটনায় লাখ লাখ গ্রামীণ নারী আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলেও তিনি জানান।
অধ্যাপক ইউনূস বলেন, গ্রামীণ নারীদের কাছে ব্যাংকটি পরিবারের ভরণপোষণ, সন্তানদের পড়াশোনা এবং দৈনন্দিন প্রয়োজন মেটানোর গুরুত্বপূর্ণ অবলম্বন।