1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সর্বশেষঃ
শেষ মুহূর্তের গোলে পাকিস্তানের কাছে হার, সাফের ফাইনালে উঠতে পারল না বাংলাদেশ দুই মাসে অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের ঋণ ১৯ হাজার ৯১৯ কোটি টাকা শ্যামলীতে ফার্মেসি লক্ষ্য করে গুলি, আগের দিন ককটেল হামলা; ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ন্যাটো সদস্যপদ পেলে দনবাস থেকে সেনা সরাবে ইউক্রেন? যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে যা বললেন জেলেনস্কি ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশে মুক্তির অপেক্ষায় শাহরুখের ‘কিং’ মসজিদের বাইরে ছাদ বা কক্ষে জুমার নামাজ আদায় করা যাবে কি? কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াশিংটনে বন্দুকধারীর হামলায় নিহত ১, গুলিবিদ্ধ অন্তত ৫ আমিরাতের ফুজাইরাহতে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত, আহত ৩০

দুই মাসে অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের ঋণ ১৯ হাজার ৯১৯ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) দেশের অভ্যন্তরীণ উৎস থেকে সরকার নিট ১৯ হাজার ৯১৯ কোটি ৪০ লাখ টাকা ঋণ নিয়েছে। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ১৩ হাজার ৯৯০ কোটি ৭০ লাখ টাকা এবং ব্যাংকবহির্ভূত উৎস থেকে ৫ হাজার ৯২৮ কোটি ৭০ লাখ টাকা সংগ্রহ করেছে সরকার।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়ার পরিবর্তে সরকার নিট ৬১৯ কোটি ৭০ লাখ টাকা পরিশোধ করেছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে সরকারের অভ্যন্তরীণ ঋণ গ্রহণের চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।

চলতি অর্থবছরের জাতীয় বাজেটে অভ্যন্তরীণ উৎস থেকে মোট ১ লাখ ২৭ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি এবং ব্যাংকবহির্ভূত উৎস থেকে ১৫ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে। ব্যাংকবহির্ভূত উৎসের মধ্যে সঞ্চয়পত্র থেকে নিট ৮ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, অর্থবছরের প্রথম দুই মাসে ব্যাংক ব্যবস্থা থেকে সরকার নিট ১৩ হাজার ৯৯০ কোটি ৭০ লাখ টাকা ঋণ নিয়েছে। অথচ আগের অর্থবছরের একই সময়ে ব্যাংক ব্যবস্থা থেকে সরকার নিট ৯ হাজার ৭৯২ কোটি ৮০ লাখ টাকা ঋণ পরিশোধ করেছিল।

তবে জুলাই-আগস্ট মিলিয়ে ঋণ গ্রহণের চিত্র ইতিবাচক থাকলেও শুধু আগস্ট মাসে ব্যাংক ব্যবস্থাকে নিট ১ হাজার ৫৮৪ কোটি ২০ লাখ টাকা পরিশোধ করেছে সরকার। ওই মাসে ব্যাংক থেকে ১৬ হাজার ৪৪ কোটি ১০ লাখ টাকা ঋণ নেওয়ার বিপরীতে পরিশোধ করা হয়েছে ১৭ হাজার ৬২৮ কোটি ৩০ লাখ টাকা।

অন্যদিকে, আগস্ট মাসে ব্যাংকবহির্ভূত উৎস থেকে সরকার নিট ১ হাজার ৮৩৬ কোটি ২০ লাখ টাকা ঋণ নিয়েছে। এ সময়ে মোট ঋণ গ্রহণের পরিমাণ ছিল ১১ হাজার ১৮৬ কোটি ২০ লাখ টাকা। বিপরীতে পরিশোধ করা হয়েছে ৯ হাজার ৩৫০ কোটি টাকা।

সরকারের ব্যাংকবহির্ভূত ঋণের অন্যতম উৎস সঞ্চয়পত্র। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে এ খাত থেকে সরকার নিট ২ হাজার ৪৬৩ কোটি ১০ লাখ টাকা ঋণ পেয়েছে। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১ হাজার ৫৭২ কোটি ৩০ লাখ টাকা।

প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই-আগস্ট সময়ে মোট ১৮ হাজার ৫৭৬ কোটি ৬০ লাখ টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। একই সময়ে আসল বাবদ ১৬ হাজার ১১৩ কোটি ৪০ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। বিক্রি ও আসল পরিশোধের ব্যবধান থেকেই সরকারের নিট ঋণের পরিমাণ নির্ধারিত হয়।

সঞ্চয়পত্রের বিভিন্ন খাতের মধ্যে পরিবার সঞ্চয়পত্র থেকে সরকার নিট ২ হাজার ৪৬ কোটি ৫০ লাখ টাকা, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র থেকে ৬৭৪ কোটি ১০ লাখ টাকা এবং পেনশনার সঞ্চয়পত্র থেকে ৪৭৫ কোটি ২০ লাখ টাকা পেয়েছে।

তবে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে নতুন বিনিয়োগের তুলনায় পরিশোধের পরিমাণ বেশি থাকায় সরকারকে নিট ৬১৮ কোটি টাকা ফেরত দিতে হয়েছে। একইভাবে ডাকঘর সঞ্চয় ব্যাংকের স্থায়ী হিসাব থেকেও নিট ১৩৪ কোটি ৯০ লাখ টাকা পরিশোধ করতে হয়েছে।

অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ সংগ্রহের জন্য সরকার ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড ও সরকারি বিনিয়োগ সুকুক ব্যবহার করে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি ও ব্যক্তি বিনিয়োগকারীদের কাছ থেকে এসব উপকরণের মাধ্যমে নিট ৩ হাজার ৪৬৫ কোটি ৬০ লাখ টাকা সংগ্রহ করেছে সরকার।

এর মধ্যে ট্রেজারি বন্ড থেকে ৩ হাজার ৩২৮ কোটি ২০ লাখ টাকা এবং ট্রেজারি বিল থেকে ২২৭ কোটি ২০ লাখ টাকা এসেছে। অন্যদিকে সরকারি বিনিয়োগ সুকুক থেকে নিট ৯০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, চলতি বছরের আগস্ট শেষে ব্যাংক ব্যবস্থার কাছে সরকারের মোট ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৬ লাখ ৯৪ হাজার ১৩ কোটি ৪০ লাখ টাকা। গত জুন শেষে এর পরিমাণ ছিল ৬ লাখ ৮০ হাজার ২২ কোটি ৮০ লাখ টাকা।

অন্যদিকে, ব্যাংকবহির্ভূত উৎস থেকে সরকারের ঋণের স্থিতি আগস্ট শেষে দাঁড়িয়েছে ৪ লাখ ৮২ হাজার ৫০৮ কোটি ৪০ লাখ টাকা। জুন শেষে এ পরিমাণ ছিল ৪ লাখ ৭৬ হাজার ৫৭৯ কোটি ৭০ লাখ টাকা।

সব মিলিয়ে আগস্ট শেষে সরকারের মোট অভ্যন্তরীণ ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১১ লাখ ৭৬ হাজার ৫২১ কোটি ৮০ লাখ টাকা। গত জুন শেষে এ পরিমাণ ছিল ১১ লাখ ৫৬ হাজার ৬০২ কোটি ৪০ লাখ টাকা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনায় ব্যবহৃত বাংলাদেশ গভর্নমেন্ট ইসলামিক ইনভেস্টমেন্ট বন্ডের (বিজিআইআইবি) তহবিলে জুলাই-আগস্ট সময়ে ইসলামী ব্যাংকগুলোর বিনিয়োগ কমেছে ১ হাজার ৯৪৮ কোটি ১০ লাখ টাকা। একই সময়ে এ তহবিল থেকে ব্যাংকগুলো ঋণ নিয়েছে ৩ হাজার ১২০ কোটি টাকা।

এ ছাড়া আগস্ট শেষে সরকারের ইস্যু করা বাংলাদেশ গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট সুকুকের স্থিতি দাঁড়িয়েছে ৫৩ হাজার ৫০০ কোটি টাকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page