1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সর্বশেষঃ
শেষ মুহূর্তের গোলে পাকিস্তানের কাছে হার, সাফের ফাইনালে উঠতে পারল না বাংলাদেশ দুই মাসে অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের ঋণ ১৯ হাজার ৯১৯ কোটি টাকা শ্যামলীতে ফার্মেসি লক্ষ্য করে গুলি, আগের দিন ককটেল হামলা; ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ন্যাটো সদস্যপদ পেলে দনবাস থেকে সেনা সরাবে ইউক্রেন? যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে যা বললেন জেলেনস্কি ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশে মুক্তির অপেক্ষায় শাহরুখের ‘কিং’ মসজিদের বাইরে ছাদ বা কক্ষে জুমার নামাজ আদায় করা যাবে কি? কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াশিংটনে বন্দুকধারীর হামলায় নিহত ১, গুলিবিদ্ধ অন্তত ৫ আমিরাতের ফুজাইরাহতে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত, আহত ৩০

ন্যাটো সদস্যপদ পেলে দনবাস থেকে সেনা সরাবে ইউক্রেন? যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে যা বললেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ন্যাটোতে সদস্যপদ পাওয়ার বিনিময়ে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল থেকে দেশটির সব সেনা প্রত্যাহারের সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্র প্রশ্ন তুলেছে। সম্প্রতি এমন প্রস্তাব আলোচনায় এসেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে মার্কিন প্রতিনিধিদের মস্কো সফর এবং আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ সম্মেলনের পর শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান জেলেনস্কি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রথমবারের মতো এমন প্রশ্ন তোলা হয়েছে যে, ইউক্রেন যদি ন্যাটোর সদস্যপদ পায়, তাহলে দেশটি দনবাস অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করবে কি না।

জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, এ ধরনের কোনো প্রস্তাবের বিপরীতে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা, সামরিক বাহিনীর ওপর কোনো বিধিনিষেধ না থাকা এবং দেশ পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় অর্থায়নের বিষয়টি নিশ্চিত করতে হবে। এমন শর্তযুক্ত প্রস্তাব পেলে তিনি তা গণভোটে উপস্থাপন করবেন।

দীর্ঘদিন ধরে ইউক্রেন ভবিষ্যতে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে ন্যাটোর সদস্যপদকে গুরুত্বপূর্ণ নিরাপত্তা নিশ্চয়তা হিসেবে বিবেচনা করে আসছে। তবে রাশিয়ার অবস্থান এ ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। মস্কোর দাবি, নিজেদের সীমান্তের কাছাকাছি ন্যাটোর সম্প্রসারণ তাদের নিরাপত্তার জন্য হুমকি।

জেলেনস্কি বারবার স্পষ্ট করেছেন, রাশিয়ার দাবির মুখে ইউক্রেন তার সার্বভৌম ভূখণ্ড ছেড়ে দিতে রাজি নয়। অন্যদিকে মস্কো শান্তি চুক্তির শর্ত হিসেবে ইউক্রেনের সামরিক সক্ষমতা সীমিত করা, ভূখণ্ডগত ছাড় এবং দেশটিকে সামরিকভাবে নিরপেক্ষ থাকার নিশ্চয়তা দেওয়ার দাবি জানিয়ে আসছে।

সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার পর মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার বৃহস্পতিবার ডাবলিনে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। তবে পুতিন ও ক্রেমলিনের কর্মকর্তাদের বক্তব্যে যুদ্ধসংক্রান্ত রাশিয়ার অবস্থানে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়নি।

ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, সামরিক বাহিনীর সক্ষমতা সীমিত করার মতো শর্ত মেনে নিলে ভবিষ্যতে রুশ হামলা প্রতিহত করা কঠিন হয়ে পড়বে।

এর আগে মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন, ইউক্রেনের ন্যাটো সদস্যপদের বিষয়টি আলোচনার অন্তর্ভুক্ত নয়। তবে নতুন প্রস্তাবের পর জেলেনস্কি মনে করছেন, ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি আবারও আলোচনার টেবিলে ফিরে এসেছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, পুতিনের অবস্থানের কারণে এ আলোচনা সহজ হবে না।

বর্তমানে ইউক্রেনের মোট ভূখণ্ডের প্রায় এক-পঞ্চমাংশ রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। এর মধ্যে পূর্বাঞ্চলীয় দনবাসের দোনেৎস্ক ও লুহানস্কের অধিকাংশ এলাকা রয়েছে।

দনবাসে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা অবশিষ্ট এলাকাগুলো থেকেও সেনা প্রত্যাহার করা হলে তা কিয়েভের জন্য বড় রাজনৈতিক ও কৌশলগত সিদ্ধান্ত হবে। কারণ, এর ফলে অঞ্চলটির ওপর রাশিয়ার নিয়ন্ত্রণ কার্যত মেনে নেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।

এর আগে জেলেনস্কি রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের চারটি অঞ্চলের ভূখণ্ড এবং ক্রাইমিয়া উপদ্বীপ পুনরুদ্ধারের প্রত্যয় ব্যক্ত করেছিলেন। উল্লেখ্য, ২০১৪ সালে ক্রাইমিয়া দখল করে নিজেদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে নেয় রাশিয়া। তবে এ সংযুক্তিকে ইউক্রেন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় অংশ স্বীকৃতি দেয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page