
বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদেশে কর্মরত অবস্থায় সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার পাশাপাশি সংশ্লিষ্ট দেশের আইনকানুন মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বিনা খরচে ১১২ কর্মীর মালয়েশিয়া যাত্রার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।
তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের জন্য একটা স্মরণীয় দিন আজ। আমরা ১০ হাজার মানুষকে বিনাখরচে মালয়েশিয়া পাঠাব। আমি মালয়েশিয়ার সরকারকে ধন্যবাদ জানাই। শহীদ-আহত ও গুমের শিকার পরিবারের ১ হাজার জনকে মালয়েশিয়ায় পাঠানো হবে।’
সরকারপ্রধান জানান, বিদেশগামী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে সরকারের পরিকল্পনা রয়েছে। কর্মীদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে বিদেশের শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট দেশের আইনকানুন ও নিয়মনীতি মেনে চলতে হবে। তাঁদের আচরণের মধ্য দিয়েই বিদেশিরা বাংলাদেশের মানুষ ও দেশ সম্পর্কে ধারণা পাবেন।
তিনি বলেন, বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে প্রত্যেক কর্মীকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।