1. 0u5r3ETJSCD7FY@gmail.com : 0u5r3ETJSCD7FY :
  2. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  3. live@www.media71bd.com : Media 71 : Media 71
  4. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাতক্ষীরায় নারীদের ঐতিহ্যগত জ্ঞানকে তুলে ধরতে কুড়ানো শাকের মেলা ও রান্না প্রতিযোগিতা গত ৩ মাসে সাতক্ষীরার সীমান্তে প্রায় ৯২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক, গ্রেপ্তার ১৫৯ বিনা খরচে ১০ হাজার কর্মী মালয়েশিয়া পাঠানো হবে: প্রধানমন্ত্রী মুল্ডারের অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার বড় জয় দীর্ঘদিনের প্রেমের পর বিয়ে করলেন মিমি চক্রবর্তী, পাত্র মেরিন ইঞ্জিনিয়ার যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই ইরানে হামলার প্রস্তুতি ইসরায়েলের, নেতানিয়াহুর বৈঠক আজ রাজধানীর পল্লবীতে মধুমতী পরিবহনের বাসে আগুন, পুড়েছে ১০টি আসন ঢাকায় আসছেন ফরাসি চলচ্চিত্র নির্মাতা ভিনসেন্ট মুন, থাকছে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা ও কার্যালয়ে হামলা, বন্ধ ২৯টির কার্যক্রম টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা

দেশে প্রতিদিন উৎপাদিত হচ্ছে প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম: প্রধানমন্ত্রী

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

দেশে বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোলট্রি খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে, যা আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পোলট্রি খাতে ইতোমধ্যে বিপুলসংখ্যক উদ্যোক্তা তৈরি হয়েছেন। এ খাতের সঙ্গে বর্তমানে প্রায় ৬০ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত, যাঁদের ৪০ শতাংশই নারী। পোলট্রি খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা। এ ছাড়া প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি প্রতিদিনের জীবিকা নির্বাহের জন্য পশুপালন করছেন। দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা এসব খামার খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান ও রপ্তানিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

তিনি বলেন, প্রাণিসম্পদের চিকিৎসাসেবা নিশ্চিত করা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। গবাদিপশুর রোগ প্রতিরোধ ও চিকিৎসাসেবা খামারিদের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

প্রাণিসম্পদ খাতের উন্নয়নের অন্যতম প্রধান অন্তরায় রোগবালাই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে পশুচিকিৎসায় ইতোমধ্যে ১৭টি রোগের টিকা উৎপাদিত হচ্ছে। তবে এ উৎপাদন পর্যাপ্ত নয়। এ কারণে সরকার আধুনিক ভ্যাকসিন উৎপাদন প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে।

তারেক রহমান বলেন, গ্রামীণ ও কৃষি অর্থনীতির প্রাণ হলো কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ। মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিজস্ব উৎপাদনের মাধ্যমে পুষ্টির চাহিদা পূরণ এবং সেই উৎপাদনকে শিল্পে রূপান্তর করতে পারলে স্বনির্ভর ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা সম্ভব। এ জন্য প্রয়োজন সদিচ্ছা, সুষ্ঠু পরিকল্পনা ও তার যথাযথ বাস্তবায়ন।

তিনি আরও বলেন, পুষ্টিগতভাবে শক্তিশালী প্রজন্মের শেখার সক্ষমতা, কর্মদক্ষতা ও উদ্ভাবনী শক্তি বেশি বিকশিত হয়। তাই মেধাবী জাতি গঠনের স্বপ্ন পুষ্টিনিরাপত্তার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। আত্মনির্ভরশীল ও মেধাসমৃদ্ধ জাতি গঠনে প্রাণিজ আমিষ অন্যতম পূর্বশর্ত। বর্তমানে দেশের মানুষের প্রাণিজ আমিষ গ্রহণের প্রায় ৫৬ শতাংশ আসে দুধ, মাংস ও ডিম থেকে। প্রাণিজ আমিষের উৎপাদন শুধু খাদ্যনিরাপত্তার বিষয় নয়, এর সঙ্গে অর্থনৈতিক স্বাবলম্বিতাও জড়িত।

প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদের উন্নয়ন এখন আর শুধু গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের মধ্যে সীমাবদ্ধ নেই। এ খাত দ্রুত বাণিজ্যিক, পুষ্টিনিরাপদ ও রপ্তানিমুখী শিল্পে পরিণত হচ্ছে। চলতি অর্থবছরে স্থির মূল্যে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। কৃষিজ জিডিপিতে এ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ।

তিনি জানান, দেশের অভ্যন্তরীণ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদ খাত ধীরে ধীরে রপ্তানিমুখী হয়ে উঠছে। বর্তমান সরকারের সময়কালে ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে এ খাত থেকে ১০৪ দশমিক ৬৪ লাখ মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে। প্রাণিসম্পদ খাতের বিকাশে সরকার নীতিগত সহায়তা ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতের উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সম্ভাবনা আরও বাড়ানো সম্ভব বলে মনে করেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ, গবেষণা ও উৎপাদন বৃদ্ধির উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে একদিকে দেশ প্রাণিসম্পদে আরও স্বনির্ভর হবে, অন্যদিকে বাড়বে বৈদেশিক মুদ্রা অর্জন।

প্রধানমন্ত্রী বলেন, স্বল্প মেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত ও অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণের সুযোগ রয়েছে। বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ‘হ্যাচিং এগ’ বা বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম রপ্তানি করতেও সক্ষম হয়েছে। এভাবে নতুন নতুন রপ্তানি বাজার সম্প্রসারণ এবং বিদেশে প্রাণিজ পণ্যের বাজার খুঁজে বের করতে হবে।

দীর্ঘ মেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত পণ্য ও পোলট্রি পণ্যের রপ্তানি বাজার সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও স্বয়ংসম্পূর্ণ করতে সরকার গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের পশু পালন, কৃত্রিম প্রজনন, টিকাদান, রোগ প্রতিরোধ, উন্নত খাদ্য ব্যবস্থাপনা ও খামারের বর্জ্য ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

দেশের উপকূলীয় অঞ্চল, সিলেট ও সুনামগঞ্জের হাওর এলাকায় মহিষের প্রাপ্যতা ও উৎপাদন বেশি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব অঞ্চলে জেগে ওঠা নতুন চর ও সরকারি খাসজমি সমবায় বন্দোবস্তের মাধ্যমে খামারিদের ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়ার সুযোগ রয়েছে। এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ নিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে আহ্বান জানান তিনি।

শহরাঞ্চলে আর্থিকভাবে সচ্ছল মানুষের মধ্যে পোষা প্রাণী ও খাঁচায় পাখি পালনের প্রবণতা বাড়ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব প্রাণী মানুষের মানসিক প্রশান্তির পাশাপাশি অনেকের আয়ের উৎসও হয়ে উঠেছে। তবে মানুষের অধিকারের পাশাপাশি পশুপাখির অধিকারও নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রাণীর অধিকারগুলোর মধ্যে রয়েছে ক্ষুধা ও তৃষ্ণা থেকে মুক্তি, অস্বস্তি থেকে সুরক্ষা, ব্যথা, আঘাত ও রোগ থেকে মুক্ত থাকা, স্বাভাবিক আচরণ প্রকাশের সুযোগ এবং ভয় ও মানসিক যন্ত্রণা থেকে সুরক্ষা। মানবিক মানুষ হিসেবে প্রত্যেকেরই পশুপাখির অধিকার সম্পর্কে সচেতন থাকা দায়িত্ব।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালনের উদ্দেশ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এ আয়োজনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের সমস্যা, সম্ভাবনা ও সাফল্য জনগণের সামনে তুলে ধরা হচ্ছে। খামারিরাই এ খাতের মূল চালিকাশক্তি। তাঁদের মেধা, পরিশ্রম, নিষ্ঠা ও উদ্যোগের ফলেই প্রাণিসম্পদ খাত এগিয়ে যাচ্ছে। তাই খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি, ন্যায্যমূল্য এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

এ সময় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও বিকাশে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে ‘জাতীয় প্রাণিসম্পদ পদক’ পাওয়া ব্যক্তিদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, তাঁদের এ অর্জন খাতে অসামান্য অবদানের স্বীকৃতি এবং দেশের লাখো উদ্যোক্তা, গবেষক ও সংশ্লিষ্ট সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। প্রতিভাবান খামারি, উদ্যোক্তা ও গবেষকদের মেধা ও শ্রম কাজে লাগিয়ে বাংলাদেশ অচিরেই বৈশ্বিক প্রাণিসম্পদ বাজারে নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের উৎপাদিত প্রাণী ও প্রাণিজ পণ্য বিশ্ববাজারে প্রবেশ করাতে খাদ্যনিরাপত্তা এবং আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মান কঠোরভাবে নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সরকার আন্তর্জাতিক মানসম্পন্ন আধুনিক প্রাণিজ পণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও রোগমুক্ত অঞ্চল গড়ে তুলছে। অচিরেই প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তিতে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page