
ইরানে নতুন করে সামরিক অভিযান চালাতে যুক্তরাষ্ট্রের সহায়তার অপেক্ষায় না থেকে এককভাবে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, যেকোনো সময় ইরানের বিরুদ্ধে শক্তিশালী অভিযান চালানোর সক্ষমতা তাদের রয়েছে। তবে এ অবস্থানের বিপরীতে ইসরায়েলকে সামরিক সংঘাতের মানসিকতা থেকে বেরিয়ে অর্থনৈতিক কূটনীতিতে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছে ওয়াশিংটন।
এমন পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভার বৈঠক ডাকার প্রস্তুতি নিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানে নতুন সামরিক অভিযান এবং তেহরানের সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কার মধ্যে এ বৈঠক হতে যাচ্ছে।
নয় মাস ধরে চলা সংঘাত ইতোমধ্যে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে, সামুদ্রিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশকে সংঘাতে জড়িয়েছে। এমন পরিস্থিতিতে নেতানিয়াহু যখন নতুন করে সামরিক অভিযানের পক্ষে অবস্থান নিচ্ছেন, তখন যুক্তরাষ্ট্র তাঁকে কূটনৈতিক পথে ফেরাতে পারবে কি না, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বৃহস্পতিবার ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কানকে দেওয়া বক্তব্যে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়াই ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুত ইসরায়েল।
তিনি বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যেকোনো মুহূর্তে শক্তিশালী হামলা চালাতে প্রস্তুত—এমনকি যুক্তরাষ্ট্র ছাড়াও একাই।’
ডেফরিনের দাবি, ইসরায়েলকে ধ্বংস করার লক্ষ্য থেকে ইরান এখনো সরে আসেনি। তবে ইসরায়েলের সাধারণ মানুষের জন্য সামরিক বাহিনীর নির্দেশনায় কোনো পরিবর্তন আনা হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, ইরানে নতুন সামরিক অভিযান চালানোর বিষয়ে ট্রাম্প প্রশাসনের সমর্থন চাইছেন নেতানিয়াহু। এ উদ্দেশ্যে চলতি মাসের শুরুতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গফম্যানকে ওয়াশিংটনে পাঠানো হয়।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতির মধ্যেই বৃহস্পতিবার নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে নতুন করে হামলার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
ইসরায়েলের আঞ্চলিক নিরাপত্তানীতি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা ও বিশেষ দূত জ্যারেড কুশনার।
বুধবার জার্মান ব্যবসায়ী ম্যাথিয়াস ডপফনারকে দেওয়া এক পডকাস্ট সাক্ষাৎকারে কুশনার বলেন, ইসরায়েলের ‘সব সময় যুদ্ধের মানসিকতায়’ থাকা থেকে বেরিয়ে এসে অর্থনৈতিক কূটনীতিতে মনোযোগ দেওয়া প্রয়োজন।
এর আগে নিউইয়র্ক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারেও তিনি সতর্ক করে বলেছিলেন, গাজা নিয়ে অবস্থান পরিবর্তন না করলে ইসরায়েল বিশ্বজুড়ে একঘরে হয়ে পড়তে পারে।
তবে কুশনারের বক্তব্যের অর্থ এই নয় যে ইরানে নতুন করে মার্কিন সামরিক হামলার সম্ভাবনা পুরোপুরি নাকচ করা হয়েছে। ইরানে আবার হামলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ‘সব সময় সব বিকল্প খোলা রাখেন’।
কুশনার আরও জানান, ইরানের প্রতিনিধিদের সঙ্গে তাঁর কয়েক দফা বৈঠক হয়েছে। তবে এসব বৈঠকের সময় কিংবা কূটনৈতিক যোগাযোগ এখনো অব্যাহত রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
ইরানে আবার সামরিক অভিযান চালানোর বিষয়ে নেতানিয়াহুর তৎপরতার পেছনে রয়েছে নিরাপত্তা উদ্বেগ, যুক্তরাষ্ট্রের সহায়তা পাওয়ার সুযোগ এবং ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি।
ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর ধারণা, ইরান নতুন করে ক্ষেপণাস্ত্রের মজুত ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলছে। তাঁর মতে, ইরান এখনো নতুন সামরিক অভিযানের জন্য ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
ইরানে হামলার পক্ষে ট্রাম্পকে বারবার চাপ দিয়েছেন নেতানিয়াহু। সম্প্রতি যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইরানবিষয়ক গোয়েন্দা তথ্য তুলে ধরেছেন মোসাদপ্রধান রোমান গফম্যান।
তবে ইসরায়েলের অভ্যন্তরেও নতুন হামলার প্রয়োজনীয়তা নিয়ে মতভেদ রয়েছে। দেশটির সামরিক বাহিনীর প্রধান ইয়াল জামির এবং মোসাদের কয়েকজন গবেষকের মতে, এখনই নতুন অভিযান চালানোর জরুরি প্রয়োজন নেই। বরং ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার পক্ষে রয়েছেন ইসরায়েলের কিছু নিরাপত্তা কর্মকর্তা।
ইরানে নতুন সামরিক অভিযানের বিষয়টি ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গেও জড়িয়ে পড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ অক্টোবরের নির্বাচনে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন নেতানিয়াহু। সাবেক সামরিক প্রধান গাদি আইজেনকট নতুন সরকার গঠনের চেষ্টা চালানোর মধ্যে নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিপক্ষদের অভিযোগ, ক্ষমতায় থাকার মেয়াদ বাড়াতে কিংবা বিরোধীদের জাতীয় ঐক্যের সরকার গঠনে বাধ্য করতে তিনি নতুন করে সংঘাত উসকে দিতে চাইছেন।
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষাবিষয়ক কমিটির চেয়ারম্যান আভিগদর লিবারম্যানও তাৎক্ষণিক সামরিক পদক্ষেপের পক্ষে উপস্থাপিত গোয়েন্দা তথ্যের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে নেতানিয়াহু বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থে গুরুতর নিরাপত্তাঝুঁকিকে খাটো করে দেখানোর অভিযোগ তুলেছেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিও ইসরায়েলের হিসাব-নিকাশে প্রভাব ফেলছে। আগামী জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ডেমোক্র্যাটরা। ইসরায়েলি কর্মকর্তাদের আশঙ্কা, এর ফলে নতুন সামরিক অভিযানে ওয়াশিংটনের সমর্থন পাওয়া কঠিন হয়ে উঠতে পারে।
সব মিলিয়ে ইরানকে মোকাবিলায় ইসরায়েলের সামনে এখন বড় প্রশ্ন—নতুন করে সামরিক সংঘাত শুরু করা, নাকি কূটনৈতিক ও অর্থনৈতিক চাপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা। যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই হামলার প্রস্তুতির কথা জানালেও ইসরায়েল এখনই অভিযান চালাবে কি না, তা নির্ভর করছে নেতানিয়াহুর পরবর্তী সিদ্ধান্তের ওপর।