
বাংলাদেশ, ভারত, চীন ও ইউরোপীয় ইউনিয়নসহ ১৪টি দেশ ও অঞ্চলের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই শুল্কের আওতায় চীনের পণ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ এবং ভিয়েতনামের পণ্যে ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে। অন্য দেশ ও অঞ্চলগুলোর ক্ষেত্রে শুল্কের হার ২০ থেকে ২৫ শতাংশ।
বুধবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যনীতির অংশ হিসেবে নতুন এই শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। এতে যুক্তরাষ্ট্রের বড় বাণিজ্যিক অংশীদার দেশগুলোর রপ্তানি বাণিজ্যে প্রভাব পড়তে পারে।
নতুন শুল্কের তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান ও জাপান।
এর আগে গত মার্চে বিভিন্ন দেশের বাণিজ্যিক কর্মকাণ্ড ও নীতিমালা নিয়ে তদন্ত শুরু করে হোয়াইট হাউস। সেই তদন্তের ধারাবাহিকতায় নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন বাণিজ্য আইনের ‘সেকশন ৩০১’ অনুযায়ী পরিচালিত এসব তদন্তে বিদেশি সরকারগুলোর বাণিজ্যনীতি ও কার্যক্রম পর্যালোচনা করা হয়। এসব নীতি যুক্তরাষ্ট্রের ব্যবসাপ্রতিষ্ঠান, শ্রমিক ও ভোক্তাদের স্বার্থের ওপর অন্যায্য প্রভাব ফেলছে কি না, তা খতিয়ে দেখা হয়।
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত ‘লিবারেশন ডে’ শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করে আটকে দিয়েছিল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট।
তবে নতুন শুল্কের ফলে কয়েকটি দেশের ক্ষেত্রে আগের তুলনায় শুল্কের হার কমতে পারে। কারণ, এরই মধ্যে কয়েকটি দেশের সঙ্গে শুল্কের সর্বোচ্চ সীমা নির্ধারণে সমঝোতায় পৌঁছেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতিতে শুল্ক আরোপ গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাঁর দাবি, আমদানি পণ্যে শুল্ক বাড়ানোর মাধ্যমে দেশের উৎপাদনশিল্প শক্তিশালী করা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে।