
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনাকে ঢাকার করা প্রত্যর্পণ অনুরোধ থেকে আলাদা বিষয় হিসেবে দেখছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কোনো নাগরিক ভ্রমণসংক্রান্ত নথিপত্র নিয়ে নিজ দেশে ফিরতে চাইলে সেটি প্রত্যর্পণ প্রক্রিয়ার আওতায় পড়ে না।
বুধবার (২৫ নভেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।
চলতি সপ্তাহে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারতে দুই বছরের বেশি সময় ধরে অবস্থান করা শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন। তবে বাংলাদেশ সরকার জানিয়েছে, তাঁকে দেশে ফেরাতে হলে প্রচলিত প্রত্যর্পণ প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
সংবাদ সম্মেলনে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল বলেন, কোনো নাগরিক প্রয়োজনীয় ভ্রমণ নথিপত্র নিয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে চাইলে সেটি প্রত্যর্পণ অনুরোধের চেয়ে সম্পূর্ণ আলাদা বিষয়। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
একই সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধটি ভারতের প্রচলিত আইনি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি দেশটিতে অবস্থান করছেন।
সম্প্রতি দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।
২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছর বাংলাদেশের একটি আদালত শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। এ রায়ের পর তাঁকে দেশে ফেরানোর বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়।