
আর্মি ট্যাকটিক্যাল ভেহিকল (সাঁজোয়া যান) চালিয়ে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়ার চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সাঁজোয়া যানটিতে প্রধানমন্ত্রীর পাশে ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপে অনুষ্ঠিত হয় তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া।
এর আগে সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারযোগে ঢাকা থেকে স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ১১টায় তাঁকে বহনকারী হেলিকপ্টারটি সেখানে অবতরণ করে। পরে তিনি তিন বাহিনীর যৌথ প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।
স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রীর কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ ১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করা।
এ ছাড়া দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি।
এই বিশেষ যৌথ সামরিক মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার অ্যান্ড ডাইভিং স্যালভেজ (SWADS) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।