
পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে মালিকপক্ষের প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছে শ্রমিকপক্ষ। মালিকপক্ষের দেওয়া প্রস্তাবে যে পরিমাণ মজুরির কথা বলা হয়েছে, তা শ্রমিকদের ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবির ধারেকাছেও নেই বলে জানিয়েছেন শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আক্তার।
সোমবার (২৩ নভেম্বর) ন্যূনতম মজুরি বোর্ডের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বাবুল আক্তার বলেন, মালিকপক্ষের প্রস্তাব শ্রমিকদের দাবির তুলনায় অনেক কম। তবে এটি চূড়ান্ত কোনো প্রস্তাব নয়। আলোচনা এগিয়ে নিতে শ্রমিকপক্ষও তাদের দাবির পরিমাণ পুনর্বিবেচনা করে সংশোধিত প্রস্তাব দেবে। তিনি বলেন, মালিকপক্ষ কিছুটা কম প্রস্তাব দিয়ে আলোচনা শুরু করেছে। আলোচনার মাধ্যমে উভয়পক্ষ একটি সন্তোষজনক অবস্থানে পৌঁছানোর চেষ্টা করছে।
তিনি আরও জানান, প্রয়োজনে সোমবার রাত ১০টা পর্যন্ত আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত শ্রমিকপক্ষ। আলোচনা শেষ না হলে সভা মুলতবি রেখে মঙ্গলবার সকালে আবারও বৈঠকে বসার পরিকল্পনা রয়েছে। ন্যূনতম মজুরির বিষয়টি দ্রুত নিষ্পত্তির ব্যাপারে উভয়পক্ষ একমত হয়েছে বলেও জানান তিনি।
মালিকপক্ষের প্রস্তাবের নির্দিষ্ট অঙ্ক প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বাবুল আক্তার বলেন, প্রস্তাবটি এখনো চূড়ান্ত হয়নি। উভয়পক্ষের সংশোধিত প্রস্তাব পাওয়ার পর সেগুলোর ভিত্তিতে আলোচনা এগিয়ে নেওয়া হবে।
তার ভাষ্য, আগেরবারের মতো এবারও প্রাথমিক প্রস্তাবের পর আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর চেষ্টা চলছে।