
বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দিল্লিসহ বিদেশে অবস্থিত বাংলাদেশের যেকোনো কূটনৈতিক মিশনে গেলে তাঁকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তাঁর এ বক্তব্যের পর আন্তর্জাতিক কূটনৈতিক ও আইনি মহলে প্রশ্ন উঠেছে—বিদেশের মাটিতে অবস্থিত কোনো দূতাবাস কি নিজ দেশের নাগরিককে গ্রেফতার করতে পারে?
কূটনৈতিক মিশনগুলো স্বাগতিক দেশে বিশেষ কিছু আইনি সুবিধা ও দায়মুক্তি ভোগ করে। তবে এসব সুবিধার আওতায় দূতাবাসের নিজস্ব পুলিশি ক্ষমতা কিংবা কাউকে গ্রেফতার করার আইনগত এখতিয়ার রয়েছে কি না, তা নিয়ে ভিন্নমত রয়েছে বিশেষজ্ঞদের মধ্যে।
সাবেক রাষ্ট্রদূত ও কূটনৈতিক বিশ্লেষক মাহফুজুর রহমানের মতে, স্বাগতিক দেশের অনুমোদন ও সহযোগিতা ছাড়া বিদেশের মাটিতে কাউকে আটক করে বাংলাদেশে ফিরিয়ে আনা কার্যত অসম্ভব। কারণ, এ ধরনের পদক্ষেপ বাস্তবায়নে সংশ্লিষ্ট দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা প্রয়োজন।
অন্যদিকে, যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ড. রায়হান রশীদ বলছেন, ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনসে কূটনৈতিক মিশনের দায়িত্ব ও ক্ষমতার যে বিবরণ রয়েছে, সেখানে কাউকে গ্রেফতার করার কোনো বিধান নেই।
সম্প্রতি শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা নিয়ে বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি আলোচনায় আসে। প্রতিবেদনে তাঁর একজন মুখপাত্রের বরাত দিয়ে বলা হয়, দেশে ফেরার জন্য বাতিল হওয়া জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট ফেরত দেওয়ার পাশাপাশি জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যাত্রার ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন তিনি।
এর পরিপ্রেক্ষিতে ঢাকায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, ভারতের দিল্লিসহ বিদেশে অবস্থিত বাংলাদেশের যেকোনো মিশনে শেখ হাসিনা গেলে তাঁকে গ্রেফতার করা হবে। তিনি বলেন, বাংলাদেশের ৮৪টি মিশনের যেকোনো একটিতে গেলে সেটিকে বাংলাদেশের ভূখণ্ড হিসেবে বিবেচনা করা হবে এবং সেখানে তাঁকে গ্রেফতার করা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনাসহ দলটির বেশ কয়েকজন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ভারতে অবস্থান করছেন। তাঁদের অনেকের পাসপোর্ট বাতিল এবং জাতীয় পরিচয়পত্র ব্লক করা হয়েছে। ২০২৫ সালের ৮ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন, শেখ হাসিনাসহ মোট ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার।
এদিকে, আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের নামে ইস্যু করা বিশেষ প্রাধিকারভুক্ত লাল পাসপোর্টও ২০২৪ সালের সেপ্টেম্বরে বাতিল করা হয়। তাঁদের মধ্যে অনেকেই পরবর্তী সময়ে সাধারণ পাসপোর্ট পাওয়ার সুযোগ পাননি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ আওয়ামী লীগের একাধিক নেতা ও সাবেক সংসদ সদস্য দেশত্যাগ করেছেন। তাঁদের উল্লেখযোগ্য একটি অংশ ভারতে অবস্থান করছেন।
এ পরিস্থিতিতে শেখ হাসিনার পাশাপাশি পাসপোর্টবিহীন অবস্থায় বিদেশে থাকা অন্য আওয়ামী লীগ নেতারাও বাংলাদেশের দূতাবাস বা হাইকমিশনে গেলে তাঁদের আটক করা হবে কি না, সেই প্রশ্নও সামনে এসেছে। তবে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের নিজস্ব সক্ষমতা দিয়ে শেখ হাসিনাকে গ্রেফতার করা সম্ভব কি না, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেননি পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানিয়েছেন, জুলাই-আগস্টে হত্যাকাণ্ড, গুম ও সহিংসতার ঘটনায় সাজাপ্রাপ্ত এবং অভিযুক্ত ব্যক্তিরা ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করলে তাঁদের প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
কূটনৈতিক বিশ্লেষক ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, বিদেশের মাটিতে দূতাবাসের মাধ্যমে নিজ দেশের নাগরিককে আটক বা গ্রেফতারের কিছু নজির অতীতে রয়েছে। বিশেষ করে স্নায়ুযুদ্ধের সময়ে এ ধরনের ঘটনা ঘটেছে। তবে এসব ক্ষেত্রে অধিকাংশ সময় সংশ্লিষ্ট স্বাগতিক দেশের সম্মতি কিংবা সহযোগিতা প্রয়োজন হয়েছে।
মাহফুজুর রহমানের ভাষ্য, দূতাবাসের ভেতরে কাউকে সাময়িকভাবে আটকে রাখা সম্ভব হলেও তাঁকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আইন প্রয়োগকারী সক্ষমতা দূতাবাসের নেই। তাঁর মতে, দূতাবাস কিছু কূটনৈতিক ও বিশেষ আইনি সুবিধা ভোগ করলেও কাউকে সেখানে আটকে রাখার পর নিজ দেশে ফিরিয়ে নিতে হলে স্বাগতিক দেশের সহযোগিতা প্রয়োজন। স্নায়ুযুদ্ধের সময়ে গোয়েন্দা সংস্থার মাধ্যমে এ ধরনের পদক্ষেপ নেওয়ার নজির থাকলেও বর্তমান পরিস্থিতিতে তা অনেক বেশি কঠিন।
অন্যদিকে, ড. রায়হান রশীদ মনে করেন, দূতাবাস কোনো পুলিশি সংস্থা, আদালত বা কারাগার নয়। তাই সেখানে কাউকে গ্রেফতার বা আটক করার স্বতন্ত্র আইনগত ক্ষমতা নেই। দূতাবাসের বিশেষ কূটনৈতিক মর্যাদা থাকলেও এর অর্থ এই নয় যে, সেটি প্রেরণকারী রাষ্ট্রের পূর্ণাঙ্গ সার্বভৌম ভূখণ্ডে পরিণত হয়। সেখানে কাউকে আটক করা হলেও তাঁকে বের করে আনা বা অন্যত্র স্থানান্তরের ক্ষেত্রে স্বাগতিক দেশের আইন ও সহযোগিতা গুরুত্বপূর্ণ।
১৯৬১ সালে জাতিসংঘের উদ্যোগে বিভিন্ন দেশের অংশগ্রহণে স্বাক্ষরিত ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ চুক্তি। এর ৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, একটি কূটনৈতিক মিশনের দায়িত্ব হলো স্বাগতিক রাষ্ট্রে নিজ দেশের প্রতিনিধিত্ব করা, নিজ রাষ্ট্র ও নাগরিকদের স্বার্থ সংরক্ষণ করা, স্বাগতিক দেশের সরকারের সঙ্গে আলোচনা ও সমঝোতা করা, আইনসম্মত উপায়ে সেখানকার পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করে নিজ সরকারকে জানানো এবং দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও অর্থনৈতিক, সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক সহযোগিতা বাড়ানো। তবে এসব দায়িত্বের মধ্যে কাউকে গ্রেফতার, আটক কিংবা শাস্তি দেওয়ার ক্ষমতার কথা উল্লেখ নেই।
কূটনৈতিক দায়মুক্তি বা ডিপ্লোম্যাটিক ইমিউনিটি নিয়েও রয়েছে বিশেষ বিধান। নেদারল্যান্ডস সরকারের ওয়েবসাইটে বলা হয়েছে, কূটনৈতিক দায়মুক্তি কোনো কূটনীতিককে অসদাচরণ বা আইন লঙ্ঘনের অবাধ সুযোগ দেয় না। কূটনীতিকদেরও স্বাগতিক দেশের আইন মেনে চলতে হয়। তবে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে বিশেষ কূটনৈতিক বিধিনিষেধ রয়েছে। কোনো কূটনীতিক অসদাচরণ করলে প্রেরণকারী রাষ্ট্র তাঁকে প্রত্যাহার করতে পারে অথবা তাঁর কূটনৈতিক দায়মুক্তি প্রত্যাহার করতে পারে।
বিদেশের মাটিতে দূতাবাস বা কনস্যুলেটের ভেতরে গুরুতর অপরাধ সংঘটনেরও নজির রয়েছে। এর অন্যতম আলোচিত ঘটনা সাংবাদিক জামাল খাসোগজি হত্যাকাণ্ড। ২০১৮ সালের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি আরবের কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন সৌদি সরকারের সমালোচক এই সাংবাদিক। পরে সৌদি আরব স্বীকার করে, কনস্যুলেটের ভেতরেই তাঁকে হত্যা করা হয়েছে। ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক দায়মুক্তি, দূতাবাসের বিশেষ মর্যাদা এবং স্বাগতিক দেশের আইন প্রয়োগের ক্ষমতা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি করে।
বিশেষজ্ঞদের মতে, বিদেশে বাংলাদেশের কোনো দূতাবাসে শেখ হাসিনা বা অন্য কোনো নাগরিক গেলে তাঁদের আটক করার বিষয়ে সরকারের রাজনৈতিক অবস্থান থাকলেও আন্তর্জাতিক আইনে দূতাবাসের নিজস্ব গ্রেফতারি ক্ষমতা নেই। কাউকে আটক করা, গ্রেফতার কার্যকর করা এবং নিজ দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে স্বাগতিক দেশের আইন, সম্মতি ও সহযোগিতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
সূত্র: বিবিসি বাংলা