1. 0u5r3ETJSCD7FY@gmail.com : 0u5r3ETJSCD7FY :
  2. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  3. live@www.media71bd.com : Media 71 : Media 71
  4. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সর্বশেষঃ
বিদেশের দূতাবাসে গেলে শেখ হাসিনাকে কি গ্রেফতার করা সম্ভব? যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা, বিদ্যুৎহীন প্রায় ১০ লাখ মানুষ; ৪৫১ ফ্লাইট বাতিল যুদ্ধবিরতির মধ্যেই গাজায় টানা তৃতীয় রাতের হামলা, নিহত অন্তত ১০ কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নিহত, জড়িত থাকার অভিযোগ অস্বীকার ইরানের আইসিজের গণহত্যার রায়ের ‘অনুপযুক্ত’ অংশ মানবে না মিয়ানমার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই পুরুষের বন্ধ্যাত্বের ঝুঁকি বাড়াতে পারে যেসব খাবার, এড়িয়ে চলুন বাংলাদেশ দখলের হুমকি: অর্জুন সিংকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি নাহিদ ইসলামের বাংলাদেশ দখলের হুমকি: অর্জুন সিংকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি নাহিদ ইসলামের সাতক্ষীরায় নারীদের ঐতিহ্যগত জ্ঞানকে তুলে ধরতে কুড়ানো শাকের মেলা ও রান্না প্রতিযোগিতা

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় টানা তৃতীয় রাতের হামলা, নিহত অন্তত ১০

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও গাজায় টানা তৃতীয় রাতের মতো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় হামাসের রাজনৈতিক ব্যুরোর জ্যেষ্ঠ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী খালেদ আবু নাদাসহ অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের ধারাবাহিক হামলার জবাব কীভাবে দেওয়া হবে, তা নির্ধারণে ফিলিস্তিনের অন্যান্য সশস্ত্র ও রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে আলোচনার ঘোষণা দিয়েছে হামাস।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন খালেদ আবু নাদা। মঙ্গলবারের পর থেকে ইসরায়েলি অভিযানে নিহত হামাসের তৃতীয় জ্যেষ্ঠ কর্মকর্তা তিনি। এর আগে সংগঠনটির নিরাপত্তা বিভাগের আরও দুই জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েলি বাহিনী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) হামাসপ্রধান খলিল আল-হাইয়া এক বিবৃতিতে ইসরায়েলের ধারাবাহিক হামলার কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ইসরায়েলের অব্যাহত আক্রমণ আর সহ্য করার অবস্থায় নেই তাঁর সংগঠন। যুদ্ধবিরতি চুক্তির আওতায় একদিকে হত্যা, অন্যদিকে অবরোধ চালিয়ে যাওয়ার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

গত জুলাইয়ে হামাসের শীর্ষ নেতার দায়িত্ব পাওয়া খলিল আল-হাইয়া জানান, ইসরায়েলের চুক্তি লঙ্ঘন এবং প্রতিদিন হত্যার নীতির জবাব কীভাবে দেওয়া হবে, তা নিয়ে ফিলিস্তিনের অন্যান্য গোষ্ঠীর সঙ্গে আলোচনা করবে হামাস। তবে সম্ভাব্য প্রতিক্রিয়ার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। উল্লেখ্য, ২০২৫ সালে কাতারে ইসরায়েলি বিমান হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান খলিল আল-হাইয়া। ওই হামলায় তাঁর ছেলে ও কয়েকজন সহযোগী নিহত হয়েছিলেন।

গাজায় ইসরায়েলি হামলা বন্ধে ব্যর্থতার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন ‘বোর্ড অব পিস’-এর সমালোচনা করেন হামাসপ্রধান। তিনি বলেন, দখলদারদের অপরাধের বিষয়ে বোর্ড অব পিস এবং যুদ্ধবিরতি চুক্তির নিশ্চয়তাদাতা দেশগুলোর নীরবতা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

এদিকে খালেদ আবু নাদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হামাস এক বিবৃতিতে বলেছে, শিক্ষাবিদ ও বেসামরিক ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা ইসরায়েলের একটি জঘন্য অপরাধ।

অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, হামাসের সদস্য ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে পরিচালিত ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এ হামলা চালানো হয়েছে। গত এক মাসে ইসরায়েলি বাহিনী প্রায় ৮০ জন হামাস যোদ্ধাকে হত্যা করেছে বলেও দাবি করেন তিনি। নেতানিয়াহু বলেন, কোনো সন্ত্রাসীই ধরাছোঁয়ার বাইরে নয় এবং হামাসের নেতৃত্বের কেউই ইসরায়েলের নাগালের বাইরে থাকতে পারবে না।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, নিহত খালেদ আবু নাদা হামাসের অর্থনৈতিক ও ব্যাংকিং নেটওয়ার্ক পরিচালনার পাশাপাশি সংগঠনটির সশস্ত্র কার্যক্রমে অর্থায়নের দায়িত্বে ছিলেন। তাঁর মৃত্যুতে হামাসের আর্থিক ও সামরিক সক্ষমতা দুর্বল হবে বলে মনে করছে ইসরায়েলি বাহিনী।

গাজার চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, দেইর আল-বালাহ ছাড়াও বুধবার রাত ও বৃহস্পতিবার গাজা সিটির তুফাহ এলাকা, আল-শাতি শরণার্থীশিবির এবং শেখ রাদওয়ান এলাকায় আরও তিনটি বিমান হামলা চালায় ইসরায়েল। এসব হামলায় সাতজন নিহত হন। এ ছাড়া পূর্ব বুরেইজ শরণার্থীশিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৬২ বছর বয়সী এক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

হামাসকে লক্ষ্য করে অভিযান চালানোর দাবি করলেও ইসরায়েলি হামলায় নিয়মিত প্রাণ হারাচ্ছেন বেসামরিক ফিলিস্তিনিরা। ফিলিস্তিন ও ইসরায়েলের নিজ নিজ হিসাব অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর থেকে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি এবং পাঁচজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page