1. 0u5r3ETJSCD7FY@gmail.com : 0u5r3ETJSCD7FY :
  2. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  3. live@www.media71bd.com : Media 71 : Media 71
  4. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সর্বশেষঃ
বিদেশের দূতাবাসে গেলে শেখ হাসিনাকে কি গ্রেফতার করা সম্ভব? যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা, বিদ্যুৎহীন প্রায় ১০ লাখ মানুষ; ৪৫১ ফ্লাইট বাতিল যুদ্ধবিরতির মধ্যেই গাজায় টানা তৃতীয় রাতের হামলা, নিহত অন্তত ১০ কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নিহত, জড়িত থাকার অভিযোগ অস্বীকার ইরানের আইসিজের গণহত্যার রায়ের ‘অনুপযুক্ত’ অংশ মানবে না মিয়ানমার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই পুরুষের বন্ধ্যাত্বের ঝুঁকি বাড়াতে পারে যেসব খাবার, এড়িয়ে চলুন বাংলাদেশ দখলের হুমকি: অর্জুন সিংকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি নাহিদ ইসলামের বাংলাদেশ দখলের হুমকি: অর্জুন সিংকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি নাহিদ ইসলামের সাতক্ষীরায় নারীদের ঐতিহ্যগত জ্ঞানকে তুলে ধরতে কুড়ানো শাকের মেলা ও রান্না প্রতিযোগিতা

যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা, বিদ্যুৎহীন প্রায় ১০ লাখ মানুষ; ৪৫১ ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

থ্যাংকসগিভিং উৎসবের ছুটিতে ভয়াবহ ঝড় ও বন্যার কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। দেশটির মধ্য-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া এবং পশ্চিম উপকূলে অস্বাভাবিক উচ্চতার জোয়ারের কারণে জনজীবন ও যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। বৈরী আবহাওয়ায় বিদ্যুৎহীন হয়ে পড়েছেন প্রায় ১০ লাখ মানুষ। পাশাপাশি বাতিল হয়েছে শত শত ফ্লাইট, বিলম্বিত হয়েছে আরও হাজারো উড়োজাহাজের যাত্রা।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে ৮ কোটিরও বেশি মানুষের ভ্রমণের পরিকল্পনা রয়েছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটিতে ৪৫১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুট মিলিয়ে আরও ২ হাজার ২০০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এর আগে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছিল, বৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে পুরো সপ্তাহজুড়েই ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটতে পারে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ঝড়ের প্রভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৭০ মাইল বেগে বাতাস বয়ে যায়। একই সঙ্গে ভারী বৃষ্টিপাত ও উপকূলীয় এলাকায় ভয়াবহ বন্যা দেখা দেয়। পরিস্থিতি মোকাবিলায় নিউ জার্সির গভর্নর মাইকি শেরিল জার্সি শোর এলাকার বিভিন্ন জনপদে বন্যার পরিপ্রেক্ষিতে অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

একইভাবে নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড ও ওয়েস্টচেস্টার কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন অঙ্গরাজ্যটির গভর্নর ক্যাথি হোকুল। প্রতিকূল আবহাওয়ার কারণে নিউইয়র্ক সিটিতে নির্ধারিত বার্ষিক ‘মেসিস থ্যাংকসগিভিং প্যারেড’ স্থগিত করে শনিবার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে তীব্র বাতাসের কারণে মেরিল্যান্ডের কয়েকটি সেতু বন্ধ করে দেওয়া হয়েছে। ডেলাওয়্যারের উপকূলে বিশাল ঢেউ আছড়ে পড়ে সমুদ্রসৈকত প্লাবিত হয়েছে। পানি উঠে এসেছে বিভিন্ন এলাকার বোর্ডওয়াকেও। বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটায় মেরিল্যান্ডের পানি সরবরাহকারী সংস্থা প্রায় ২০ লাখ গ্রাহককে জরুরি প্রয়োজন ছাড়া পানি ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে।

ন্যাশনাল ওয়াটার প্রেডিকশন সার্ভিসের তথ্য অনুযায়ী, থ্যাংকসগিভিংয়ের দিন ওয়াশিংটন ডিসিতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। জোয়ারের পানি উপচে পড়ায় রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়েও তলিয়ে যায়।

বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ দেশটিতে ৯ লাখ ৮০ হাজারের বেশি পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন থাকার খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পেনসিলভানিয়া, ভার্জিনিয়া, মেরিল্যান্ড ও নিউ জার্সি অঙ্গরাজ্য।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শ্যাপিরো জানিয়েছেন, বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো সংযোগ পুনঃস্থাপনে কাজ করছে। তবে ভার্জিনিয়া ও নিউ জার্সির জ্বালানি কোম্পানিগুলো সতর্ক করেছে, ক্ষতিগ্রস্ত এলাকায় নিরাপদে পৌঁছাতে না পারায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে কয়েক দিনও লাগতে পারে।

এ পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ছুটির দিনের এই দুর্যোগ মোকাবিলায় পূর্ব উপকূলের জন্য জরুরি তহবিল ছাড়ের বিষয়টি বিবেচনা করবেন তিনি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলেও নতুন করে দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, প্রশান্ত মহাসাগর থেকে একের পর এক ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি, পাহাড়ি অঞ্চলে তুষারপাত ও প্রবল বাতাস বয়ে যেতে পারে।

বিশেষ করে ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় অস্বাভাবিক উচ্চতার জোয়ার থেকে বন্যার আশঙ্কা করা হচ্ছে। এনডব্লিউএসের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার রাজ্যটির বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চলের কয়েকটি স্থানে পানির উচ্চতা ৮ ফুটেরও বেশি হতে পারে। এতে গত মাসে রেকর্ড হওয়া সর্বোচ্চ জোয়ারের উচ্চতা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এর আগে সপ্তাহের শুরুতে সান দিয়েগো ও লস অ্যাঞ্জেলেসে ৮ ফুটের বেশি উচ্চতার জোয়ার রেকর্ড করা হয়। এ অবস্থায় সমুদ্রসৈকতে ভ্রমণকারীদের উপকূলীয় এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

উচ্চ জোয়ারের কারণে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় ক্যালিফোর্নিয়া উপকূলীয় রুটে চলাচলকারী ‘অ্যামট্র্যাক প্যাসিফিক সার্ফলাইনার’ কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে।

এ ছাড়া কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশসহ প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চলেও ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ।

সূত্র: বিবিসি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page