1. 0u5r3ETJSCD7FY@gmail.com : 0u5r3ETJSCD7FY :
  2. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  3. live@www.media71bd.com : Media 71 : Media 71
  4. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নিহত, জড়িত থাকার অভিযোগ অস্বীকার ইরানের আইসিজের গণহত্যার রায়ের ‘অনুপযুক্ত’ অংশ মানবে না মিয়ানমার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই পুরুষের বন্ধ্যাত্বের ঝুঁকি বাড়াতে পারে যেসব খাবার, এড়িয়ে চলুন বাংলাদেশ দখলের হুমকি: অর্জুন সিংকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি নাহিদ ইসলামের বাংলাদেশ দখলের হুমকি: অর্জুন সিংকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি নাহিদ ইসলামের সাতক্ষীরায় নারীদের ঐতিহ্যগত জ্ঞানকে তুলে ধরতে কুড়ানো শাকের মেলা ও রান্না প্রতিযোগিতা গত ৩ মাসে সাতক্ষীরার সীমান্তে প্রায় ৯২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক, গ্রেপ্তার ১৫৯ বিনা খরচে ১০ হাজার কর্মী মালয়েশিয়া পাঠানো হবে: প্রধানমন্ত্রী মুল্ডারের অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার বড় জয়

আইসিজের গণহত্যার রায়ের ‘অনুপযুক্ত’ অংশ মানবে না মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের কিছু অংশকে ‘অনুপযুক্ত’ মনে হলে তা মানবে না দেশটি। এমন মন্তব্য করেছেন মিয়ানমারের নেতা মিন অং হ্লাইং। আদালতের ঐতিহাসিক রায়ের পর এটিই তাঁর প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, বুধবার এক বৈঠকে মিন অং হ্লাইং বলেন, ‘একটি দায়িত্বশীল দেশের জন্য যা উপযুক্ত, মিয়ানমার সে অনুযায়ী পদক্ষেপ নেবে। তবে যেসব শর্তকে দেশটি অনুপযুক্ত মনে করবে, তা মেনে চলবে না।’

তিনি আরও বলেন, ‘গণহত্যা’ শব্দটি মিয়ানমারের জাতীয় সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তবে আইসিজের রায়ের ঠিক কোন কোন অংশকে দেশটি অনুপযুক্ত মনে করছে, সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট কিছু জানাননি।

গত সপ্তাহে দেওয়া ঐতিহাসিক রায়ে ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আইসিজে। ওই অভিযানে হাজার হাজার রোহিঙ্গা নিহত হন এবং সাত লাখের বেশি মানুষ প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসেন।

মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার জবাব দিতেই সেনাবাহিনী ওই অভিযান পরিচালনা করেছিল।

২০১৯ সালে গাম্বিয়ার দায়ের করা মামলাটি মূলত ২০১৭ সালে রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর তথাকথিত ‘শুদ্ধি অভিযান’কে কেন্দ্র করে। ওই অঞ্চলে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বড় অংশের বসবাস ছিল।

আইসিজের পর্যবেক্ষণ অনুযায়ী, ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হন। প্রায় সাত লাখের বেশি মানুষ হেঁটে ও সমুদ্রপথে বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হন। আদালতের হিসাবে, প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গা কোনো না কোনোভাবে ওই অভিযানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন।

বিচারকদের প্যানেলে ৯-৬ ভোটে রায়টি গৃহীত হয়। আদালত জানিয়েছে, মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা সনদের একাধিক ধারা লঙ্ঘন করেছে। এই রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই।

রায়ে মিয়ানমারকে ক্ষতিগ্রস্তদের আনুপাতিক হারে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ক্ষতিপূরণের সুনির্দিষ্ট পরিমাণ পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে। একই সঙ্গে চলমান নির্যাতন ও সনদ লঙ্ঘন বন্ধ এবং এ ধরনের অপরাধে জড়িত থাকার সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে আদালত।

তবে আইসিজের নিজস্ব কোনো নির্বাহী ক্ষমতা নেই। আদালতের রায় বাস্তবায়নের ক্ষেত্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের রাজনৈতিক চাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

রায়টিকে রোহিঙ্গা জনগোষ্ঠী ও বিভিন্ন মানবাধিকার সংগঠন স্বাগত জানিয়েছে। দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও নিপীড়নের বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার চেষ্টা করে আসছে এসব সংগঠন।

এদিকে, এক ডজনেরও বেশি দেশ আইসিজের রায়কে স্বীকৃতি দিয়েছে। যুক্তরাজ্যও মিয়ানমারের কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

২০২১ সালে অং সান সু চির নেতৃত্বাধীন বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন মিন অং হ্লাইং। এরপর থেকে গৃহযুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতায় বিপর্যস্ত দেশটি আন্তর্জাতিক অঙ্গনে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ে। সামরিক শাসকগোষ্ঠীর ওপর বিভিন্ন দেশ নিষেধাজ্ঞাও আরোপ করে।

এরপর থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন মিন অং হ্লাইং। তবে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পরিসরে মিয়ানমারের অংশগ্রহণ এখনো সীমিত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page