
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (১০ জুলাই) সকালে চট্টগ্রামে পৌঁছে তিনি প্রথমে বাঁশখালী উপজেলার বন্যাকবলিত এলাকাগুলো ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তিনি পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং স্থানীয়দের কাছ থেকে বন্যা পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির তথ্য নেন।
জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, ডা. শফিকুর রহমান পরিদর্শনের সময় দেখেন, অনেক ঘরবাড়ি এখনও পানির নিচে রয়েছে এবং অসংখ্য পরিবার দুর্ভোগের মধ্যে মানবেতর জীবনযাপন করছে।
এ সময় তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার মানবিক ও নৈতিক দায়িত্ব। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং দেশের সর্বস্তরের মানুষের প্রতি নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার ও আর্থিক সহায়তা বিতরণ করেন ডা. শফিকুর রহমান। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
উল্লেখ্য, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে প্রাণহানির পাশাপাশি বহু মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন এবং ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, চট্টগ্রাম সফরের অংশ হিসেবে ডা. শফিকুর রহমান সাতকানিয়া ও চট্টগ্রাম মহানগরীর আরও কয়েকটি বন্যাকবলিত এলাকা পরিদর্শন করবেন এবং দুর্গত মানুষের মধ্যে শুকনো খাবারসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করবেন।
এ সময় তার সঙ্গে ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম এবং দলের স্থানীয় নেতাকর্মীরা।