1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

‘শেখ হাসিনা দেশে ফিরলে রায় কার্যকর করতেই ফিরবেন’—নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬

গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আদালতের রায় কার্যকর করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার (১০ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) দিবস ২০২৬ উপলক্ষে ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশে রায় হয়ে গেছে। এখন সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে সেই রায় কার্যকর করা।’

সম্প্রতি প্রকাশিত এক সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আজকের একটি সাক্ষাৎকারে দেখেছি, ডিসেম্বরে কেউ একজন দেশে ফেরার পরিকল্পনার কথা বলেছেন। আমরা চাই, তিনি দেশে ফিরুন—তবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই ফিরুন।’

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে তিনি বলেন, এটি শেখ হাসিনা নিজে ঠিক করবেন না। তাকে কীভাবে আনা হবে, তিনি আত্মসমর্পণ করবেন কি না—এসব বিষয় বাংলাদেশ সরকারকে ভারতের সঙ্গে কূটনৈতিক ও আইনি আলোচনার মাধ্যমে নির্ধারণ করতে হবে।

নাহিদ ইসলামের ভাষ্য, ‘সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে কখন, কীভাবে এবং কোন প্রক্রিয়ায় তাকে দেশে আনা হবে এবং আদালতের রায় কার্যকর করা হবে। সব ধরনের প্রস্তুতি নিয়েই তাকে ফিরিয়ে আনতে হবে।’

তিনি আরও বলেন, আদালতের রায় দ্রুত কার্যকর হলে তা দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ইতিবাচক হবে। ‘এর বাইরে অন্য কোনো পরিকল্পনা যদি কেউ করে, তাহলে সেটি কারও জন্যই ভালো হবে না,’ যোগ করেন তিনি।

জুলাই গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতি রক্ষায় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছেন বলেও দাবি করেন বিরোধীদলীয় চিফ হুইপ।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার কোনো চেষ্টা হলে এবং সরকার সেটিকে প্রশ্রয় দিলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে সরকারই পড়বে।

তিনি বলেন, আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় আনার বিষয়টি সরকারও বিবেচনা করছে এবং এটিই সঠিক পথ বলে এনসিপি মনে করে। তার ভাষায়, ‘শেখ হাসিনার রায় হয়ে গেছে। এখন সেটি কার্যকর করতে হবে। তিনি যদি দেশে ফেরেন, তাহলে রায় কার্যকর হওয়ার জন্যই ফিরবেন।’

শেখ হাসিনা নিজের দলের নেতা–কর্মীদের রেখে দেশ ছেড়ে চলে গেছেন বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। একই সঙ্গে তিনি দাবি করেন, আওয়ামী লীগ স্বাধীন রাজনৈতিক দল নয়; বরং এটি ‘দিল্লি-নিয়ন্ত্রিত’ একটি দল। ফলে শেখ হাসিনার দেশে ফেরা ও বিচার-সংক্রান্ত বিষয়টি মূলত ঢাকা ও দিল্লির কূটনৈতিক ও রাজনৈতিক সমঝোতার ওপর নির্ভর করবে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, মানবতাবিরোধী অপরাধের এক মামলায় জাসদ (ইনু) সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের রায় নিয়েও অসন্তোষ প্রকাশ করেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘হাসানুল হক ইনুর রায় বিচারব্যবস্থা ও ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করেছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page