
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার (২১ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হামের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৭০২ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৫ জন শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট ৭৯৭ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৩০ জন শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। এছাড়া ৮৭৮ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সব মিলিয়ে নতুন শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৮ জন।
এ সময়ে নতুন করে ১ হাজার ২১৮ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে ৮৭৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ১৯ হাজার ৪৪৮ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৪ হাজার ৭০৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
এ সময়ের মধ্যে মোট ১ লাখ ২ হাজার ২৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৯৮ হাজার ৪১১ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছেন।