
জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবার যুক্তরাষ্ট্রে নিজের প্রথম একক সংগীতানুষ্ঠান নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন। ‘অপূর্ব মিউজিক্যাল নাইট’ শিরোনামের এই কনসার্ট অনুষ্ঠিত হবে আগামী ২৫ জুলাই নিউইয়র্ক সিটিতে।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন অপূর্ব। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে প্রায় দুই ঘণ্টা ধরে গান পরিবেশন করবেন তিনি। কনসার্টের ভেন্যু ও টিকিটের মূল্য আনুষ্ঠানিকভাবে আজ ঘোষণা করা হবে।
অভিনয়ের পাশাপাশি অপূর্বের গানের প্রতি আগ্রহ দীর্ঘদিনের। বিভিন্ন আড্ডায় গিটার বাজিয়ে গান গাওয়ার পাশাপাশি স্টেজেও একাধিকবার পারফর্ম করেছেন তিনি। এছাড়া টেলিভিশন নাটক ও টেলিফিল্মেও কণ্ঠ দিয়েছেন এই অভিনেতা।
বর্তমানে কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অপূর্ব। ২০২১ সালে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ান তৃষাকে বিয়ে করার পর থেকে বছরের বেশির ভাগ সময়ই তিনি যুক্তরাষ্ট্রে কাটান। সেখানে তার স্ত্রী ও কন্যা স্থায়ীভাবে বসবাস করেন।
অভিনয়ে সর্বশেষ সালেহ সোবহান অনীম পরিচালিত ‘হেডলাইন’ ওয়েব সিরিজে সাংবাদিক জহির চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন অপূর্ব। চলতি বছরের জুনে মুক্তি পাওয়া এই সিরিজের মাধ্যমে প্রায় দুই বছর পর ওটিটি প্ল্যাটফর্মে ফেরেন তিনি। এর আগে ২০২৪ সালে ‘গোলাম মামুন’ ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন।
এদিকে, দেশে ফিরে ‘গোলাম মামুন ২’ ওয়েব সিরিজের কাজ শুরু করবেন অপূর্ব। সিরিজটি পরিচালনা করবেন তানিম রহমান অংশু।