
জনপ্রিয় গান ‘বিলিয়নেরা’র সুরে শুরু, এরপর একের পর এক জনপ্রিয় গানের পরিবেশনা। সঙ্গে ওয়েস্টার্ন ধাঁচের নাচ ও প্রাণবন্ত মঞ্চ উপস্থিতি—সব মিলিয়ে ঢাকার দর্শকদের সংগীত ও নাচের আনন্দে মাতিয়ে রাখলেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া ব্রুমার।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ের একটি ভেন্যুতে মঞ্চে ওঠেন আন্তর্জাতিক সংগীতাঙ্গনে পরিচিত এই শিল্পী। তাকে স্বাগত জানাতে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস।
মঞ্চে উঠেই নিজের বিশ্বব্যাপী জনপ্রিয় গান ‘বিলিয়নেরা’ পরিবেশন করেন ওটিলিয়া। এরপর শোনান ‘ডায়ামান্তে’সহ তার আরও কয়েকটি জনপ্রিয় গান। তার গানের তালে নাচ এবং সঙ্গে থাকা ব্যাকগ্রাউন্ড ড্যান্সারদের পরিবেশনা দর্শকদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে তোলে।
প্রায় এক ঘণ্টার পরিবেশনায় পুরোনো জনপ্রিয় গানের পাশাপাশি নতুন গানও উপহার দেন এই শিল্পী। ঢাকায় এসে নতুন গান প্রকাশের যে ইঙ্গিত দিয়েছিলেন, মঞ্চে সেটিও বাস্তবায়ন করেন তিনি। নতুন গান পরিবেশনের আগে দর্শকদের ‘আগুন’ বলে সম্বোধন করেন এবং গানটি ছড়িয়ে দিতে সবার সহযোগিতা কামনা করেন।
পরিবেশনার ফাঁকে দর্শকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন ওটিলিয়া। তাদের উপস্থিতি ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একপর্যায়ে দর্শকসারিতে থাকা এক নারীর নাম জানতে চান তিনি। ওই নারীসহ বাংলাদেশের নারীদের সুন্দরী আখ্যা দিয়ে তাকে ভাগ্যবতী বলেও মন্তব্য করেন।
বাংলাদেশের খাবার নিয়েও নিজের ভালো লাগার কথা জানান এই পপ তারকা। বিশেষ করে দেশের স্ট্রিট ফুডের প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে পপ তারকা শাকিরার জনপ্রিয় গান ‘ওয়াকা ওয়াকা’ পরিবেশন করে দর্শকদের চমকে দেন ওটিলিয়া। এ সময় দর্শকদেরও তার সঙ্গে গান গাওয়ার আহ্বান জানান। পরিচিত গানের সুরে কণ্ঠ মেলান উপস্থিত দর্শকরাও। পাশাপাশি একটি পাঞ্জাবি গানও পরিবেশন করেন তিনি।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলা ভাইব ব্যান্ডের পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। রাত ৮টায় মঞ্চে আসে ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস। ফুয়াদের কম্পোজিশনে গান পরিবেশন করেন তাসফি ও হাসিব। তাদের পরিবেশনা শেষে মঞ্চে আসেন ওটিলিয়া।
অনুষ্ঠানের একপর্যায়ে আয়োজক প্রতিষ্ঠান ই-মেকার্সের কর্ণধার নাঈম আশরাফকে মঞ্চে আমন্ত্রণ জানান এই সংগীতশিল্পী। আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি। পরে নাঈম আশরাফ দর্শকদের সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান উপভোগ করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্পন্সর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ওটিলিয়ার এটি দ্বিতীয় বাংলাদেশ সফর। এর আগে ২০২২ সালে ঢাকায় একটি কনসার্টে গান পরিবেশন করেছিলেন তিনি।
১৯৯২ সালে রোমানিয়ার সুসেভায় জন্ম নেওয়া ওটিলিয়া ছোটবেলা থেকেই সংগীতচর্চার সঙ্গে যুক্ত। তবে ২০১৪ সালে ‘বিলিয়নেরা’ গান প্রকাশের পর আন্তর্জাতিক সংগীতাঙ্গনে ব্যাপক পরিচিতি পান তিনি। গানটি বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করে তাকে আন্তর্জাতিক পপ তারকা হিসেবে প্রতিষ্ঠিত করে।