
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী। লাইভে তাকে অঝোরে কাঁদতে দেখা যায়।
ডিবির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির জানান, কয়েকটি অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য জ্যোতিকা জ্যোতিকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। এ বিষয়ে বৃহস্পতিবার সকালে বিস্তারিত জানানো হবে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আলোচিত হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর অ্যাডমিন ছিলেন জ্যোতিকা জ্যোতি। এ ছাড়া একটি ভিডিওতে তিনি নিজেই শিক্ষাজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা জানিয়েছিলেন। ২০১৯ সাল থেকে আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটিতেও দায়িত্ব পালন করছেন তিনি।