
জুলাই গণ-অভ্যুত্থানের পর বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে দলগুলোর মধ্যে মতপার্থক্য তৈরি হলেও ফ্যাসিবাদ মোকাবিলায় আবারও ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে সরকারি দল বিএনপি, বিরোধী দল জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একই সঙ্গে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
দীর্ঘদিন ধরে আওয়ামী লীগবিরোধী আন্দোলনে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল একসঙ্গে কর্মসূচি পালন করেছে। সেই ধারাবাহিকতায় ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোর মধ্যেও বর্তমান পরিস্থিতিতে ভিন্নমত দূরে রেখে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
বিশ্বস্ত রাজনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড প্রতিহত করতে একযোগে কাজ করার বিষয়ে উভয় নেতা মতৈক্য প্রকাশ করেন।
পরবর্তী সময়ে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যেও তাদের এ অবস্থানের প্রতিফলন দেখা গেছে। আগামী এক-দুই দিনের মধ্যে জুলাই আন্দোলনে অংশ নেওয়া অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হতে পারে বলেও জানা গেছে।
সম্প্রতি গোপালগঞ্জ, ফরিদপুর ও কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বরকে সামনে রেখে ভারতে অবস্থানরত দলটির প্রধান ও নেত্রীর নির্দেশনায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
ইতোমধ্যে বিএনপির সংসদ সদস্য এস এম জিলানী এবং এনসিপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাসভবনে অগ্নিসংযোগসহ বিভিন্ন সহিংসতার ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে।
এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপের পাশাপাশি রাজনৈতিকভাবেও আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রতিহত করার ওপর গুরুত্ব দিচ্ছে দলগুলো।
বিএনপির সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, রাজনীতিতে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে। তবে হাসিনামুক্ত বাংলাদেশ গড়ার প্রশ্নে বিএনপি, জামায়াতসহ সব গণতান্ত্রিক শক্তি একই অবস্থানে রয়েছে। যে কোনো মূল্যে সব দল একসঙ্গে রাজপথে এই ফ্যাসিস্ট চক্রকে মোকাবিলা করবে।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন হলে পরাজিত শক্তি মাথাচাড়া দেওয়ার সাহস পেত না। তবে ফ্যাসিবাদকে প্রতিহত করার প্রশ্নে দেশের মানুষ এখনো ঐক্যবদ্ধ রয়েছে।
দলটির সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা একটি নির্বাচিত সরকারের নৈতিক দায়িত্ব। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় স্বৈরাচারী দলটির সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।