
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি গভীর হতাশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বন্ধু হিসেবে উল্লেখ করায় ট্রাম্পের সমালোচনা করে তিনি বলেছেন, পুতিনের সঙ্গে বন্ধুত্বের বিষয়টি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান একনায়ক অ্যাডলফ হিটলারকে বন্ধু বলার মতোই।
শুক্রবার (২৭ নভেম্বর) কিয়েভে নিজের কার্যালয়ে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন জেলেনস্কি।
সম্প্রতি চীনের শেনজেনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হয়। গত ১৯ নভেম্বর অনুষ্ঠিত ওই বৈঠকের আগে পুতিনের দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেছিলেন, ‘উনি কি? উনি আমার বন্ধু।’
ট্রাম্পের এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে জেলেনস্কি বলেন, পুতিন একজন আগ্রাসনকারী ও খুনি। তাই কোনোভাবেই তাকে বন্ধু হিসেবে বিবেচনা করা যায় না।
তিনি বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কেউ যদি হিটলারকে ভালো বন্ধু বলত, বিষয়টি যেমন হতো, এটিও তেমনই। না, পুতিন বন্ধু নন।’
এ সময় পুতিনকে আলিঙ্গন করছেন—এমন একটি ছবি ট্রাম্প প্রকাশ করায় বিস্ময়ও প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। যদিও তিনি স্বীকার করেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এ ধরনের ছবি প্রকাশের অধিকার ট্রাম্পের রয়েছে। তবে বিষয়টিকে অদ্ভুত বলে মন্তব্য করেন তিনি।
সাক্ষাৎকারে জেলেনস্কি আরও বলেন, গুরুত্বপূর্ণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা সরবরাহে বিলম্বের কারণে ইউক্রেনের নাগরিকদের প্রাণহানি ঘটছে। পাশাপাশি শান্তি আলোচনায় রাশিয়ার ওপর কার্যকর চাপ সৃষ্টি করতেও যুক্তরাষ্ট্র যথেষ্ট ভূমিকা রাখতে পারছে না।
২০২৫ সালে হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বৈঠকের পর থেকেই ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সতর্ক অবস্থান বজায় রেখেছেন জেলেনস্কি।
এদিকে, বেশ কিছুদিন বিরতির পর চলতি মাসের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আবারও শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও অংশ নেন। তবে আলোচনায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।
জেলেনস্কি বলেন, ‘আমরা যত বেশি জানছি, সমস্যা তত বাড়ছে।’ আগামী ডিসেম্বরে আবারও শান্তি আলোচনা শুরুর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক আগ্রাসনের চার বছর নয় মাস পেরিয়ে গেলেও যুদ্ধ বন্ধের কোনো কার্যকর সমাধান এখনো পাওয়া যায়নি। ক্রমবর্ধমান প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের মধ্যে শান্তি প্রতিষ্ঠা এবং আলোচনায় অগ্রগতি আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেন।