
নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলমান আন্দোলনের মধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অতীতের একটি ছাত্র আন্দোলনের ঘটনা নতুন করে আলোচনায় এসেছে। প্রায় তিন দশক আগে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে তিনি নিজেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন।
বর্তমানে নিট প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থী, বিরোধী দল এবং বিভিন্ন সংগঠন আন্দোলন চালিয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বক্তব্য দিয়েছেন।
১৯৯৭ সালে ওড়িশায় তৎকালীন কংগ্রেস সরকারের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। সেই সময় ভুবনেশ্বরে শিক্ষার্থীদের বিক্ষোভে নেতৃত্ব দেন তৎকালীন ছাত্রনেতা ধর্মেন্দ্র প্রধান। আন্দোলনটি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর ব্যানারে অনুষ্ঠিত হয়।
সে সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-ঘনিষ্ঠ ছাত্র সংগঠন এবিভিপির অন্যতম সংগঠক ছিলেন ধর্মেন্দ্র প্রধান। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন জাতীয় পর্যায়ে আলোচনায় আসে এবং ধর্মেন্দ্র প্রধানও রাজনৈতিকভাবে পরিচিতি লাভ করেন।
ওই সময়ের আন্দোলনের বিষয়ে স্মৃতিচারণ করেছেন ভুবনেশ্বরের আরএমডি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রশান্ত রাউত।
তার দাবি, আন্দোলনের শুরুতে বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। পরে পুলিশ হস্তক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তিনি বলেন, পুলিশি অভিযানে ধর্মেন্দ্র প্রধান আহত হলেও আন্দোলন থেকে সরে যাননি।
প্রশান্ত রাউতের ভাষ্য, ছাত্রজীবনে বিভিন্ন আন্দোলন ও ছাত্র রাজনীতিতে অংশ নেওয়ার সময় ধর্মেন্দ্র প্রধান একাধিকবার হামলার শিকার হয়েছিলেন।
চলতি বছরের ৩ মে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রকাশ্যে আসার পর দেশজুড়ে বিতর্ক শুরু হয়। পরে সরকার পুনঃপরীক্ষার আয়োজন করলেও আন্দোলন থামেনি। পরীক্ষা পরিচালনাকারী সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজধানী দিল্লির যন্তর মন্তরে আন্দোলন শুরু হয়। পরে বিভিন্ন শিক্ষার্থী সংগঠন ও রাজনৈতিক দলও এ আন্দোলনে যোগ দেয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, এসব মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।
নিট প্রশ্নফাঁস ইস্যুতে সংসদেও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিরোধী দলগুলো শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে। অন্যদিকে ক্ষমতাসীন জোটের সংসদ সদস্যরা সরকারের অবস্থানের পক্ষে স্লোগান দেন।
এ সময় শাসক ও বিরোধী দলের সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংসদের নিরাপত্তাকর্মীরা হস্তক্ষেপ করেন।
বিজেপির দাবি, সরকার সংসদে এ বিষয়ে আলোচনা করতে প্রস্তুত। তবে বিরোধীদের অভিযোগ, সরকার বিতর্ক এড়িয়ে যাচ্ছে এবং শিক্ষামন্ত্রীর দায় এড়ানোর চেষ্টা করছে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা