
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে একই স্থান ও একই সময়ে তিনটি পৃথক সংগঠনের কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে।
বুধবার (৫ আগস্ট) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ নাসির উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৬ আগস্ট) একই স্থান ও একই সময়ে তিনটি সংগঠনের কর্মসূচি ঘোষণার কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ থাকবে।
এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ভাষাশহীদ রফিক ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়।
সংগঠনটির দাবি, দেশব্যাপী ইসলামী ছাত্রশিবিরের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড, ক্যাম্পাসে বহিরাগতদের মাধ্যমে শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা এবং ‘মবতন্ত্রের’ প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
একই সময় ও একই স্থানে ‘ঐক্যবদ্ধ জগন্নাথ’ ব্যানারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়।
এদিকে, বৃহস্পতিবার দুপুর ১২টায় ভাষাশহীদ রফিক ভবনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানেরও ঘোষণা দেয়।
একই সময় ও একই স্থানে একাধিক কর্মসূচি ঘোষণার প্রেক্ষাপটে সম্ভাব্য সংঘাত এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নিষেধাজ্ঞা জারি করেছে।