
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোতো রাজ্যে ৭০ জনেরও বেশি যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশই শিশু ও ধান কাটার কাজে নিয়োজিত কৃষিশ্রমিক বলে জানা গেছে।
সোকোতো রাজ্য পুলিশের মুখপাত্র আহমাদ রুফাই বিবিসিকে জানিয়েছেন, উদ্ধারকারী দল এখন পর্যন্ত ৪৬টি মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার পর ১৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে অন্তত ১৫ জন যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকারী সংস্থার সদস্যদের পৌঁছাতে বেশ বেগ পেতে হচ্ছে। যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার কারণেও উদ্ধার অভিযান চ্যালেঞ্জিং হয়ে পড়েছে বলে জানিয়েছেন নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইজেকিয়েল মানজো।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, নৌকাটিতে থাকা শিশু ও কৃষিশ্রমিকেরা ধান কাটার কাজ শেষে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনার পর একটি স্থানীয় মসজিদের সামনে বহু মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মরদেহগুলোর অনেকগুলো মাদুর ও ঐতিহ্যবাহী কাপড়ে মোড়ানো ছিল এবং দাফনের প্রস্তুতি চলছিল বলে জানান তিনি।
নাইজেরিয়ায় অতিরিক্ত যাত্রী বহন, নৌযানের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং নিরাপত্তাবিধি না মানার কারণে প্রায়ই নৌদুর্ঘটনা ঘটে। দেশটির অনেক গ্রামীণ এলাকায় পর্যাপ্ত সড়ক ও সেতু না থাকায় নদীপথই স্থানীয়দের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম। ফলে নৌপথে দুর্ঘটনা ঘটলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটে থাকে।
সূত্র: বিবিসি