
চোখে সানগ্লাস, পরনে আইভরি রঙের শাড়ি, কাঁধে ধূসর-গোলাপি শাল আর গলায় মুক্তোর মালা—অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের এমন সাজ দেখে প্রথম দেখায় অনেকেরই মনে হতে পারে, সামনে দাঁড়িয়ে আছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তবে একটু ভালো করে তাকালেই বোঝা যায়, তিনি অভিনেত্রী চমক।
সাবেক এই প্রধানমন্ত্রীর পরিচিত সাজ ও অবয়ব ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন রুকাইয়া জাহান চমক। নিজের ভ্লগ সিরিজ ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’-এর নতুন পর্বে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও ব্যক্তিত্ব নিয়ে কথা বলার সময় তার পরিচিত সাজে ক্যামেরার সামনে হাজির হন অভিনেত্রী।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে ভ্লগ সিরিজটির দ্বিতীয় সিজনের ১৯তম পর্ব প্রকাশ করেন চমক। ‘বেগম খালেদা জিয়া’ শিরোনামের ওই পর্বে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে আলোচনা করা হয়েছে। ঢাকার জিয়া উদ্যানসহ বিভিন্ন স্টুডিও লোকেশনে ভিডিওটির দৃশ্য ধারণ করা হয়।
ভিডিওতে চমকের পরনে ছিল হালকা রঙের প্রিন্টের শাড়ি। সঙ্গে ছিল গলায় মুক্তোর মালা ও চোখে সানগ্লাস। খালেদা জিয়ার পরিচিত উপস্থিতির সঙ্গে মিল রেখে সাজানো হয়েছিল পুরো লুক।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা মন্তব্য। অনেকেই চমকের সাজ, অভিব্যক্তি ও উপস্থাপনার প্রশংসা করেছেন। এক নেটিজেন মন্তব্য করেন, চমক সত্যিই প্রতিভাবান শিল্পী; তাকে পুরোপুরি খালেদা জিয়ার মতো লাগছে।
আরেকজন লিখেছেন, এভাবে খালেদা জিয়াকে আগে কেউ উপস্থাপন করেননি। কেউ কেউ এমন মন্তব্যও করেছেন, ভিডিওটি দেখে কয়েক মুহূর্তের জন্য সত্যিই মনে হয়েছে যেন পর্দায় খালেদা জিয়াই উপস্থিত।
চমকের এই আয়োজন শুধু অভিনয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। চলতি বছর কুষ্টিয়ার একটি আসন থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার জন্য বিএনপির হয়ে মনোনয়ন ফরম কিনেও আলোচনায় এসেছিলেন তিনি। সে সময় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেওয়ার কথাও জানিয়েছিলেন এই অভিনেত্রী।
রুকাইয়া জাহান চমকের শোবিজ যাত্রা শুরু হয় ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মাধ্যমে। তিন বছরের বিরতির পর ২০২০ সালে ছোট পর্দায় অভিনয়ে আসেন তিনি। এরপর ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হ্যাজব্যান্ড’-এর মতো নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকের পরিচিত মুখ হয়ে ওঠেন।