
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর পাঁচ শীর্ষ নেতার বিষয়ে তথ্য চেয়ে আবারও আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এসব নেতার বিষয়ে কার্যকর তথ্য দিতে পারলে সর্বোচ্চ ১ কোটি মার্কিন ডলার পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মার্কিন পররাষ্ট্র দফতরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ (Rewards for Justice) কর্মসূচি এ তথ্য জানিয়েছে।
তথ্য চাওয়া পাঁচ কর্মকর্তা হলেন—আইআরজিসির কমান্ডার আহমেদ ওয়াহিদি, খাতামুল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের প্রধান আলী আবদুল্লাহি, আইআরজিসি এরোস্পেস ফোর্সের ইউএভি (ড্রোন) কমান্ডার সাইদ আগাজানি, আইআরজিসি সাইবার ইলেকট্রনিক কমান্ডের প্রধান হামিদরেজা লাশগারিয়ান এবং গোয়েন্দা দফতরের কমান্ডার মজিদ খাদেমী।
মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, এসব কর্মকর্তার বিষয়ে ‘কার্যকর’ বা তদন্তে কাজে লাগতে পারে এমন তথ্য দিতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আর্থিক পুরস্কারের জন্য বিবেচিত হতে পারেন। একই সঙ্গে তাদের পুনর্বাসনের সুযোগ দেওয়ার কথাও জানানো হয়েছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের মধ্যেই আইআরজিসির শীর্ষ কর্মকর্তাদের বিষয়ে তথ্যের বিনিময়ে এ পুরস্কার ঘোষণা করল ওয়াশিংটন।