
সৌদি আরবের মক্কা প্রদেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের পর ‘রেড এলার্ট’ জারি করেছে দেশটির আবহাওয়া দফতর।
বুধবার (২৬ আগস্ট) সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি সিভিল ডিফেন্সের এক বিবৃতিতে বলা হয়েছে, মক্কা প্রদেশে চরম প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া জলমগ্ন এলাকা, উপত্যকা ও বাঁধের কাছাকাছি না যেতে এবং কর্তৃপক্ষের দেওয়া নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে সতর্ক করেছে সিভিল ডিফেন্স।
গত কয়েক দিন ধরেই মক্কা প্রদেশের বিভিন্ন এলাকায় অস্থির আবহাওয়া ও বিভিন্ন মাত্রায় বৃষ্টিপাত হচ্ছে।
এর আগে গত ২১ আগস্ট আল-আরদিয়াত ও আল-কুনফুদাহ এলাকায় ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টি, বজ্রপাত এবং আকস্মিক বন্যার ঝুঁকিসহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল।