1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

মেয়াদোত্তীর্ণ বিস্কুট খাদ্য কর্মকর্তাকে খাওয়ানোর চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

ভারতের মহারাষ্ট্রে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগ তদন্তে যাওয়া এক খাদ্য কর্মকর্তাকে ঘিরে ধরে বিস্কুট খাওয়ানোর চেষ্টা করেছেন স্থানীয় বাসিন্দারা। কর্মকর্তার বিরুদ্ধে দোকানদারের কাছ থেকে ঘুষ নিয়ে তাকে রক্ষা করার অভিযোগও তোলেন তারা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শনিবার (২৯ আগস্ট) মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর জেলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।

স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, একটি পান দোকান থেকে কেনা ঝাল মিশ্রণজাতীয় খাবার খেয়ে দুই বছরের এক শিশু অসুস্থ হয়ে পড়ে। শিশুটির মাথা ঘুরতে শুরু করলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিশুটির স্বজন ও স্থানীয় বাসিন্দারা ছত্রপতি সম্ভাজিনগরের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) দপ্তরে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে এক কর্মকর্তা সংশ্লিষ্ট দোকানে পরিদর্শনে যান।

স্থানীয়দের অভিযোগ, ওই কর্মকর্তা পরিদর্শনে যাওয়ার আগেই শিশুটির অসুস্থতার সঙ্গে সংশ্লিষ্ট খাবারটি দোকান থেকে সরিয়ে ফেলা হয়।

পরিদর্শনের সময় দোকানে বেশ কয়েক প্যাকেট মেয়াদোত্তীর্ণ বিস্কুট পাওয়া যায় বলে জানা গেছে। এসব পণ্য জব্দ করা হলেও দোকানদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা।

এরপর ওই কর্মকর্তার বিরুদ্ধে দোকানদারের কাছ থেকে ঘুষ নিয়ে বিষয়টি মিটিয়ে দেওয়ার চেষ্টা করার অভিযোগ ওঠে। তবে ঘুষ নেওয়ার অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

অভিযোগে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা কর্মকর্তাকে ঘিরে ধরেন। একপর্যায়ে মেয়াদোত্তীর্ণ বিস্কুট হাতে নিয়ে তারা কর্মকর্তাকে সেগুলো খেয়ে দেখাতে বলেন।

ভিডিওতে কয়েকজনকে ‘যদি নিরাপদ হয়, তাহলে নিজেই খান’—এমন কথা বলতে বলতে কর্মকর্তাকে বিস্কুট খাওয়ানোর চেষ্টা করতে দেখা যায়। এমনকি কয়েকজন তার মুখে জোর করে বিস্কুট ঢোকানোরও চেষ্টা করেন।

এদিকে, মহারাষ্ট্রে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের অভিযান জোরদারের মধ্যেই এ ঘটনা ঘটল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাজ্যের বিভিন্ন এলাকায় খাদ্যে ভেজাল, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং খাদ্য নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page