1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

নেপাল-তিব্বতে বন্যা-ভূমিধসে নিহত ৭৫০, নিখোঁজ আড়াই হাজার

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নেপাল ও তিব্বতে প্রাণহানির সংখ্যা বেড়ে ৭৫০ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় আড়াই হাজার মানুষ। নিখোঁজদের মধ্যে ৫৮৯ জন বিদেশি নাগরিক বলে জানা গেছে। দুর্যোগের পঞ্চম দিনেও দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে নেপালের সেনাবাহিনী ও জরুরি বিভাগের সদস্যরা। এ পর্যন্ত ৮ হাজার ১৮৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ভয়াবহ এই দুর্যোগে হিমালয় অঞ্চলের বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্যা ও ভূমিধসে বহু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিখোঁজ স্বজনদের সন্ধানে পরিবারের সদস্যরা বিভিন্ন এলাকায় ছুটে বেড়াচ্ছেন। একই সঙ্গে দুর্গম ও প্রতিকূল পরিবেশে আটকে পড়া মানুষদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

বৈরী আবহাওয়ার কারণে কিছু সময়ের জন্য উদ্ধার অভিযান ব্যাহত হলেও শনিবার থেকে তা আবারও জোরদার করা হয়েছে। দুর্গম এলাকাগুলোতে পৌঁছাতে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। নিখোঁজদের স্বজনরা দ্রুততার সঙ্গে আরও ব্যাপক উদ্ধার অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

নিখোঁজ স্বজনদের সন্ধানে সেনা ক্যাম্প ও বিভিন্ন উদ্ধারকেন্দ্রে ভিড় করছেন পরিবারের সদস্যরা। উদ্ধার হওয়া মানুষদের পাশাপাশি বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের মধ্যে খাবার, ওষুধসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।

এদিকে ভোতে কোশি নদীর পানি বাড়তে থাকায় নতুন করে সতর্কতা জারি করেছে নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। নদীসংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

অন্যদিকে, তিব্বতেও দুর্যোগ পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। সেখানে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ৫ শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চীনা কর্তৃপক্ষের কঠোর তথ্য নিয়ন্ত্রণের কারণে তিব্বতের দুর্যোগের প্রকৃত চিত্র ও ক্ষয়ক্ষতির মাত্রা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page