
সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি এলপিজির দাম কিছুটা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আগস্টে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।
বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে বলে জানিয়েছে বিইআরসি।
সেপ্টেম্বরের জন্য বেসরকারি এলপিজির খুচরা মূল্য মূসকসহ প্রতি কেজি ১৩২ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হয়েছে। আগস্টে এ দাম ছিল ১৩৩ টাকা ১৫ পয়সা। অর্থাৎ প্রতি কেজিতে দাম কমেছে ১ টাকা ৩ পয়সা।
নতুন নির্ধারিত দরে ৫ দশমিক ৫ কেজির সিলিন্ডারের দাম ৭২৭ টাকা, ১২ দশমিক ৫ কেজি ১ হাজার ৬৫২ টাকা, ১৫ কেজি ১ হাজার ৯৮২ টাকা এবং ১৬ কেজি ২ হাজার ১১৪ টাকা।
এ ছাড়া ১৮ কেজির সিলিন্ডার ২ হাজার ৩৭৮ টাকা, ২০ কেজি ২ হাজার ৬৪২ টাকা, ২২ কেজি ২ হাজার ৯০৭ টাকা, ২৫ কেজি ৩ হাজার ৩০০ টাকা এবং ৩০ কেজি ৩ হাজার ৯৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
৩৩ কেজির সিলিন্ডারের দাম ৪ হাজার ৩৬০ টাকা, ৩৫ কেজি ৪ হাজার ৬২৪ টাকা এবং ৪৫ কেজি ৫ হাজার ৯৪৫ টাকা করা হয়েছে।
যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটারে ৫৮ পয়সা কমিয়ে নতুন দাম ৭৩ টাকা ৯ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। এর আগে আগস্টে অটোগ্যাসের দাম ছিল ৭৩ টাকা ৬৭ পয়সা।
রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির মূসকসহ দাম প্রতি কেজি ১২৮ টাকা ৩৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। একই পদ্ধতিতে গ্যাসীয় অবস্থায় সরবরাহ করা এলপিজির দাম প্রতি লিটার শূন্য দশমিক ২৮ টাকা বা প্রতি ঘনমিটার ২৮৫ টাকা ৩০ পয়সা করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকোর সেপ্টেম্বর মাসের প্রোপেন ও বিউটেনের সৌদি কনট্রাক্ট প্রাইস (সৌদি সিপি) অনুযায়ী এলপিজির নতুন দাম সমন্বয় করা হয়েছে।
সেপ্টেম্বরে প্রোপেনের সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৬২৫ ডলার এবং বিউটেনের ৬৬০ ডলার। প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ ধরে গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৬৪৭ দশমিক ৭৫ ডলার বিবেচনায় নেওয়া হয়েছে।
আগস্টে প্রোপেনের সৌদি সিপি ছিল প্রতি মেট্রিক টন ৬২০ ডলার এবং বিউটেনের ৬৪০ ডলার। ওই মাসে গড় সৌদি সিপি ধরা হয়েছিল ৬৩৩ ডলার। ফলে সেপ্টেম্বরে গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টনে ১৪ দশমিক ৭৫ ডলার বেড়েছে।
তবে সেপ্টেম্বরের মূল্য সমন্বয়ের ক্ষেত্রে এলপিজি আমদানিতে জাহাজভাড়া ও ব্যবসায়ীর প্রিমিয়াম প্রতি মেট্রিক টন ১৬০ ডলার এবং প্রতি ডলারের গড় বিনিময় মূল্য ১২৩ টাকা ৩০ পয়সা বিবেচনায় নিয়েছে বিইআরসি। আগস্টে জাহাজভাড়া ও ব্যবসায়ীর প্রিমিয়াম ছিল ১৮০ ডলার এবং ডলারের গড় বিনিময় মূল্য ধরা হয়েছিল ১২৩ টাকা ৬৯ পয়সা।
এদিকে সরকারি এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ১২ দশমিক ৫ কেজির সরকারি এলপিজি সিলিন্ডারের ভোক্তা পর্যায়ের দাম ৭৭৬ টাকা ৯৩ পয়সাই বহাল থাকবে।
এর আগে আগস্ট মাসের জন্য ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। জুলাইয়ে একই সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা করা হয়েছিল। জুনে দাম কমানো হয়েছিল ৫৫ টাকা।
এর আগে ১৯ এপ্রিল ১২ কেজির সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা করা হয়। তারও আগে ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৭২৮ টাকা। ফলে এপ্রিলে দুই দফায় দাম বেড়েছিল ৫৯৯ টাকা। এরপর জুন ও জুলাইয়ে দুই দফায় মোট ৪১২ টাকা কমে। আগস্টে ৭০ টাকা বাড়ার পর সেপ্টেম্বরে আবার ১৩ টাকা কমানো হলো।
বিইআরসি জানিয়েছে, এলপিজি মজুদ ও বোতলজাতকরণ, পরিবেশক এবং খুচরা বিক্রেতাসহ কোনো পর্যায়েই কমিশন নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বোতলজাত এলপিজি, রেটিকুলেটেড এলপিজি বা অটোগ্যাস বিক্রি করা যাবে না।