
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’—এই স্লোগান দিয়ে সরকারকে হুঁশিয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।
শনিবার (৫ সেপ্টেম্বর) ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম অভিমুখী লংমার্চের অংশ হিসেবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আয়োজিত পথসভায় তিনি এ স্লোগান দেন।
নাহিদ ইসলাম বলেন, চট্টগ্রাম অভিমুখী এই লংমার্চ সফল হবে। সরকারকে অবশ্যই তেল, গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে হবে। তা না হলে সরকারকে গদি ছাড়তে বাধ্য করা হবে।
তিনি আরও বলেন, গণভোটের রায় অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, গ্যাস ও সার সংকটের সমাধান, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে হবে।
দলীয়করণ বন্ধসহ এসব দাবি বাস্তবায়নে আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান এনসিপির আহ্বায়ক।
ছয় দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধ।