
গ্রিসের রাজধানী এথেন্সের উত্তরে তানাগ্রা বিমান ঘাঁটিতে এয়ার শো চলাকালে দেশটির একটি এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।
শনিবার দুই আসনের যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয় বলে দুই কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন। তাদের একজন বলেন, দুর্ঘটনায় দুই পাইলটই মারা গেছেন।
এক কর্মকর্তা জানান, বিমানটি বিমান ঘাঁটি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থলে অন্য কেউ আহত হয়েছেন বা সেখানে কেউ ছিলেন—এমন কোনো খবর পাওয়া যায়নি।
গ্রিসের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম ইআরটির প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি মাটি থেকে কয়েক মিটার ওপরে থাকা অবস্থায় ডান দিকে বাঁক নেওয়ার সময় বিধ্বস্ত হয়। এতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় এবং আগুন পাশের বনাঞ্চলেও ছড়িয়ে পড়ে।
আগুন নিয়ন্ত্রণে আনতে ১১টি অগ্নিনির্বাপণ বিমান ও হেলিকপ্টার কাজ শুরু করে। এ সময় বিমান ঘাঁটির লাউডস্পিকারে লোকজনকে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
বার্ষিক এথেন্স ফ্লাইং উইকের অংশ হিসেবে এয়ার শোতে অংশ নিচ্ছিল এফ-৪ ফ্যান্টমটি। প্রতি বছর এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের সামরিক ও বেসামরিক বিমান চালনা দল অংশ নেয়।