
ভারতের উত্তরাখণ্ডে সরকারি স্বীকৃতি ও নির্ধারিত শিক্ষাগত মান পূরণ না করা মাদ্রাসার বিরুদ্ধে অভিযান জোরদার করেছে রাজ্য সরকার। সর্বশেষ দেরাদুন ও হালদোয়ানিতে আরও পাঁচটি মাদ্রাসার কার্যক্রম বন্ধ করা হয়েছে। এ নিয়ে রাজ্যটিতে বন্ধ হওয়া স্বীকৃতিহীন মাদ্রাসার সংখ্যা দাঁড়িয়েছে ২০টিতে।
রাজ্যের সংখ্যালঘু কল্যাণ বিভাগের বিশেষ সচিব পরাগ মাধুকর ধাকাতে জানিয়েছেন, এখন পর্যন্ত ১৭টি মাদ্রাসা সিলগালা করা হয়েছে। আরও তিনটি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ লিখিতভাবে কার্যক্রম বন্ধের বিষয়টি জানিয়েছে।
সাম্প্রতিক অভিযানে দেরাদুনের তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আজাদ কলোনির মাদ্রাসা জামিয়া-তুস-সালাম আল-ইসলামিয়াকে সিলগালা করা হয়েছে। একই এলাকার মাদ্রাসা দার-এ-আরকাম ও মাদ্রাসা দারুল উলুম রহিমিয়ার কর্তৃপক্ষ কার্যক্রম বন্ধের লিখিত অঙ্গীকার দেওয়ায় সেগুলো সিলগালা করা হয়নি।
এ ছাড়া নৈনিতাল জেলার হালদোয়ানির গৌজাজালি নর্থের শনি বাজার রোডের মাদ্রাসা জামিয়া নুরিয়া বারকাতে আমিনা এবং বানভুলপুরার ইন্দিরা নগরের আরেকটি স্বীকৃতিহীন মাদ্রাসার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এসব প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে মাদ্রাসাগুলোর সরকারি স্বীকৃতির প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন করতে বলা হয়েছিল।
রাজ্য সরকারের ভাষ্য, নির্ধারিত নিয়ম ও স্বীকৃতির শর্ত পূরণ না করে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না।
চলতি বছরের জুলাইয়ে উত্তরাখণ্ড সরকার মাদ্রাসা বোর্ড বিলুপ্ত করে সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠান তদারকির জন্য নতুন কর্তৃপক্ষ গঠন করে। নতুন ব্যবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর স্বীকৃতি ও নির্ধারিত শিক্ষাগত মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।