
বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহ। স্বল্প সময়ের চলচ্চিত্র ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন ২৭টি সিনেমা। এর মধ্যে ১৪টি সিনেমায় তার নায়িকা ছিলেন শাবনূর।
প্রিয় সহশিল্পী সালমান শাহর ৩০তম প্রয়াণ দিবসে আবেগঘন বার্তায় তাকে স্মরণ করেছেন শাবনূর। তিনি লিখেছেন, “আজও বিশ্বাস হয় না, তুমি নেই। এত বছর পেরিয়ে গেলেও তোমার স্মৃতি আজও হৃদয়ে অমলিন।”
শাবনূর আরও বলেন, পর্দার সেই প্রিয় রাজপুত্র ও মানুষের ভালোবাসার স্বপ্নের নায়ক সালমান শাহ আজও দর্শকের স্মৃতি ও ভালোবাসায় বেঁচে আছেন।
সালমান শাহর অকাল প্রয়াণে চলচ্চিত্র অঙ্গনে যে বিশাল শূন্যতা তৈরি হয়েছিল, তা আজও পূরণ হয়নি বলেও উল্লেখ করেন শাবনূর। সময়ের সঙ্গে প্রজন্ম বদলালেও তার জনপ্রিয়তা ও অভিনয়ের মায়া এখনও অটুট রয়েছে বলে জানান তিনি।
প্রয়াণ দিবসে সালমান শাহর প্রতি শ্রদ্ধা জানিয়ে শাবনূর লেখেন, “বিনম্র শ্রদ্ধা ও অশেষ ভালোবাসা। যেখানেই আছ, ভালো থেকো প্রিয় সালমান শাহ। আল্লাহ তোমাকে জান্নাতবাসী করুন।”
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে মারা যান সালমান শাহ। তিন দশক পরও তার অভিনয়, ফ্যাশন ও ব্যক্তিত্ব নতুন প্রজন্মের কাছে সমানভাবে জনপ্রিয়।