
দেশে তীব্র গ্যাস, তেল ও জ্বালানি সংকট চললেও তা সমাধানে বিরোধী দলের সহযোগিতার প্রস্তাবে সরকার সাড়া দেয়নি বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের মানিকপোটল দাখিল মাদ্রাসা চত্বরে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, জ্বালানি সংকট নিরসনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি কারিগরি বিশেষজ্ঞ দল দিয়ে সরকারকে সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছিল। এমনকি সংকট সমাধানের পুরো কৃতিত্ব সরকারকে নেওয়ার সুযোগ দেওয়ার কথাও বলা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সরকার ওই প্রস্তাবে কোনো সাড়া দেয়নি।
দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বাজারে নিত্যপণ্যের দাম বাড়লেও সরকার তা নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি।
লোডশেডিং প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ‘এখন আর বিদ্যুৎ যায় না, বরং মাঝে মাঝে বিদ্যুৎ আসে।’
পথসভার আগে সকাল সাড়ে ৬টায় ধুনটের গোসাইবাড়ি ইউনিয়নের মানিকপোটল গ্রামে ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ইসলামী শিক্ষা আন্দোলনের নেতা ও তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র সংঘের সভাপতি আব্দুল মালেকের কবর জিয়ারত করেন শফিকুর রহমান।
এ সময় তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কবর জিয়ারত করেন। পরে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন।