
মক্কাকে লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের হামলাকে ধর্মীয় ও মানবিক মূল্যবোধের ওপর আঘাত এবং ‘মহাপাপ’ হিসেবে উল্লেখ করেছেন মসজিদুল হারাম ও মসজিদে নববীর ইমামরা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মসজিদুল হারামের ইমাম ও খতিব শেখ বান্দার বালিলা শুক্রবারের খুতবায় বলেন, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা এবং নিরপরাধ মানুষের জীবন রক্ষা করা একটি ‘রেড লাইন’। আল্লাহর ঘর ও মসজিদে নববীকে লক্ষ্য করার সঙ্গে ইসলামের শিক্ষার কোনো সম্পর্ক নেই বলেও মন্তব্য করেন তিনি।
শেখ বান্দার বালিলা অভিযোগ করেন, হুথিরা তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড আড়াল করতে ধর্মীয় স্লোগান ব্যবহার করছে। তাঁর মতে, এ ধরনের কর্মকাণ্ড ইসলামের মূল শিক্ষার পরিপন্থী।
মসজিদে নববীর ইমাম শেখ আবদুল মহসিন আল-কাসিম বলেন, মক্কা ও মদিনার নিরাপত্তাকে হুমকির মুখে ফেলা হুথিদের হামলা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের ধারাবাহিকতার অংশ। এসব হামলার মাধ্যমে নিরপরাধ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি ও রক্তপাতের চেষ্টা করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মক্কার দক্ষিণে একটি হুথি ড্রোন শনাক্ত করে ধ্বংস করে সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী। ড্রোনটি মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ভূপাতিত করা হয়।
শেখ বান্দার বালিলা বলেন, এ ধরনের হামলার মুখে সৌদি আরবের নেতৃত্ব ও জনগণের ঐক্য আরও শক্তিশালী হবে।
সূত্র: সৌদি গেজেট