
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষকরা অবসর সময়ে কী করবেন, সেটি তাদের ব্যক্তিগত বিষয়। বিদ্যালয়ে শিক্ষকদের টিকটক করা নিয়ে আলাদা নীতিমালা করে নিষেধাজ্ঞা দেওয়া হলে তা অন্যায় হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত এক সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ে শিক্ষকরা টিকটক করতে পারবেন কি না—এমন প্রশ্নের জবাবে ববি হাজ্জাজ বলেন, দেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা রয়েছে। অবসর সময়ে একজন ব্যক্তি কী করবেন, সেটি তাঁর ব্যক্তিগত বিষয়। স্কুলের নীতিমালা করে শ্রেণিকক্ষে টিকটক করা নিষিদ্ধ করা হলে তা অন্যায় হবে বলে মন্তব্য করেন তিনি।
প্রাথমিক শিক্ষকদের বেতন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকদের বেতনকে তিনি বড় কোনো ‘ইস্যু’ হিসেবে দেখছেন না। তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা মাত্র সাত মাসের উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা খাতে কর্মরত অনেকের অভিজ্ঞতা তাঁর চেয়ে দীর্ঘ। তাই তাদের কাছ থেকে শেখার বিষয়টিকেই তিনি গুরুত্ব দেন।
ববি হাজ্জাজ বলেন, বর্তমানে একজন প্রাথমিক শিক্ষক ন্যূনতম স্নাতক সম্পন্ন করে নিয়োগ পরীক্ষার মাধ্যমে চাকরিতে যোগ দেন এবং সরকারি বেতন কাঠামোর ১৩তম গ্রেডে বেতন-ভাতা পান। নতুন বেতন কাঠামো অনুযায়ী এ পদে প্রারম্ভিক মূল বেতন ২৪ হাজার টাকা। এর আগে প্রাথমিক শিক্ষকদের প্রারম্ভিক মূল বেতন ছিল ১১ হাজার টাকা। অন্যান্য ভাতাসহ তাদের বেতন ২০ হাজার টাকার নিচ থেকে শুরু হতো বলে জানান তিনি।