
অভিনয়, সাংবাদিকতা ও সঙ্গীতের পর এবার নতুন পেশায় যুক্ত হলেন জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ। বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে কাজ করা একটি উচ্চশিক্ষা পরামর্শক প্রতিষ্ঠানে ‘হেড অব স্টুডেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড ব্র্যান্ড’ হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি।
ইতোমধ্যে প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রচারমূলক কার্যক্রমেও দেখা গেছে হাসান মাসুদকে। নতুন পেশায় তার যুক্ত হওয়ার খবর প্রকাশের পর ভক্তদের মধ্যে প্রশ্ন উঠেছে—তবে কি অভিনয় থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছেন এই অভিনেতা?
এর আগে হাসান মাসুদ অভিনয় ছেড়ে ধর্মীয় জীবনে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন—এমন গুঞ্জনও ছড়িয়েছিল। তবে পরে নিজেই বিষয়টি পরিষ্কার করে জানান, অভিনয় চিরতরে ছেড়ে দেওয়ার কোনো সিদ্ধান্ত তার নেই। মূলত মনের মতো ভালো গল্প ও মানসম্মত কাজের অভাবেই বর্তমানে অভিনয়ে অনিয়মিত তিনি।
সেনাবাহিনীর পোশাকে দায়িত্ব পালনের পর সাংবাদিকতায় যুক্ত হন হাসান মাসুদ। পরে অভিনয়ে এসে নিজের আলাদা অবস্থান তৈরি করেন। ২০০৩ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর ছোটপর্দাতেও জনপ্রিয়তা পান তিনি।
‘হাউসফুল’, ‘এফডিসি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘বিহাইন্ড দ্য সিন’ ও ‘খুনসুটি’র মতো নাটকে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন হাসান মাসুদ। অভিনয়ের পাশাপাশি সংগীতেও আগ্রহ ছিল তার। ২০০৬ সালে প্রকাশিত হয় তার একটি গানের অ্যালবাম।
নতুন পেশায় যুক্ত হলেও অভিনয় থেকে পুরোপুরি সরে যাচ্ছেন কি না, সে বিষয়ে এখন পর্যন্ত তার পক্ষ থেকে নতুন কোনো ঘোষণা আসেনি।