1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সর্বশেষঃ
দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে ইন্ডিপেন্ডেন্ট টিভি ভবন ঘেরাও অশালীন মন্তব্যের অভিযোগে আইনি জটিলতায় হানি সিং চুয়েটের ভিসি নিয়োগে রাজনৈতিক আনুগত্য, নাকি যোগ্যতা—প্রশ্ন আসিফ মাহমুদের বেক্সিমকোর আরও দুই কোম্পানির পর্ষদ থেকে বাদ সালমান এফ রহমান ভোটার তালিকা সংশোধন ইস্যুতে দিল্লিতে বিরোধীদের বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাস, ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি রসায়নে ২০২৬ সালের নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্টে নতুন নিয়ম, প্রতারণা নিয়ে সতর্কতা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল ২০২৬ বাস্তবায়নের উদ্যোগ সেপ্টেম্বরে দেশে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশ

তত্ত্বাবধায়ক সরকার পরিবর্তনেও গণভোটের বিধান রাখার পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে পুনর্বহালের পাশাপাশি ভবিষ্যতে এ ব্যবস্থা পরিবর্তন করতে হলেও গণভোটের মাধ্যমে জনগণের অনুমোদন নেওয়ার বিধান রাখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি এবং জুলাই যোদ্ধাদের সুরক্ষার বিষয়টি সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের পরিবারের সদস্য ও আহতদের প্রতিনিধিদের মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ। বৈঠকে মোট ৬৩ জন অংশ নেন।

বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি, জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি এবং অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত করার দাবি জানান অংশগ্রহণকারীরা।

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের জাতীয় ঘোষণাপত্রের সংশ্লিষ্ট বিষয়গুলো সংবিধানের উপযুক্ত জায়গায় অন্তর্ভুক্ত করা হবে। বিশেষ করে সংবিধানের তফসিলে গণ-অভ্যুত্থান ও জুলাই ঘোষণাপত্রের স্বীকৃতি রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এর মাধ্যমে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি বলেন, জুলাই যোদ্ধাদের সুরক্ষায় জারি করা অধ্যাদেশ ইতোমধ্যে আইনে পরিণত হয়েছে। এর পাশাপাশি সাংবিধানিক সুরক্ষার বিষয়টিও তফসিলের নির্দিষ্ট জায়গায় রাখা হবে।

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত করার দাবির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচার প্রক্রিয়া স্বাধীনভাবে চলছে এবং আদালত আইন অনুযায়ী বিচার করবে। তদন্ত ও প্রসিকিউশনসহ সরকারের সংশ্লিষ্ট কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হবে।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে পুনর্বহালের পর ভবিষ্যতে কেউ এ ব্যবস্থা পরিবর্তন করতে চাইলে গণভোটের মাধ্যমে জনগণের অনুমোদন নিতে হবে বলেও জানান সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, সংবিধানের প্রস্তাবনা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি ও মৌলিক বিষয়ে পরিবর্তন আনা হলে রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে গণভোটের প্রয়োজন হবে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকেও এ ধরনের সাংবিধানিক সুরক্ষার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের ১৪২ অনুচ্ছেদ থেকে গণভোটের বিধান বাদ দেওয়া হয়েছিল। আদালত ওই সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করায় সংশোধিত সংবিধানে গণভোটের বিধান পুনরায় অন্তর্ভুক্ত করা হবে।

তার ভাষ্য, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের পর ভবিষ্যতে কেউ এটি পরিবর্তন করতে চাইলে জনগণের কাছে যেতে হবে। এ জন্য সংবিধানে এমনভাবে গণভোটের বিধান রাখা হবে, যাতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সহজে পরিবর্তন করা না যায়।

তত্ত্বাবধায়ক সরকার কীভাবে গঠিত হবে, কারা এতে থাকবেন এবং কোন পদ্ধতি অনুসরণ করা হবে—এসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। বিষয়টি জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে। এ নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হচ্ছে। সামনে আইনজীবী, বিচারক, সুপ্রিম কোর্ট বার, সংবিধান বিশেষজ্ঞ ও শিক্ষাবিদদের সঙ্গেও আলোচনা করা হবে।

তত্ত্বাবধায়ক সরকার গঠনে একাধিক পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, একটি পদ্ধতি কার্যকর না হলে পরবর্তী বিকল্প বিবেচনা করা হবে। তবে রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকারের সর্বশেষ বিকল্প হিসেবে রাখার প্রস্তাব কমিটির ছিল না। অতীতে এ নিয়ে বিতর্ক থাকায় রাষ্ট্রপতিকে এ বিধানে না রাখাই ভালো বলে মনে করেন তারা।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জুলাই জাতীয় সনদ নোট অব ডিসেন্টসহ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই তা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নোট অব ডিসেন্ট বাদ দিয়ে সনদ বাস্তবায়নের বিষয়ে কোনো ঐকমত্য হয়নি।

বৈঠকে কমিটির সদস্য ও আইনমন্ত্রী আসাদুজ্জামান, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নূরুল হক এবং সাকিলা ফারজানাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page