
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পর এবার বেক্সিমকো লিমিটেড ও শাইনপুকুর সিরামিকসের পরিচালনা পর্ষদ থেকেও বাদ পড়েছেন বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিনটি বড় কোম্পানির কোনো পর্ষদেই এখন তার পদ থাকল না।
বিনিয়োগকারীদের স্বার্থ ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় বেক্সিমকো লিমিটেড ও শাইনপুকুর সিরামিকসের পুনর্গঠিত পরিচালনা পর্ষদের অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১ হাজার ৩২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএসইসির বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন কাঠামোয় বেক্সিমকো লিমিটেড ও শাইনপুকুর সিরামিকসের সাত সদস্যের পরিচালনা পর্ষদ গঠিত হবে। উভয় কোম্পানির চেয়ারম্যান হিসেবে থাকছেন সালমান এফ রহমানের বড় ভাই এ এস এফ রহমান (আহমেদ সোহাইল ফসিহুর রহমান)।
শাইনপুকুর সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক ও কে চৌধুরী (ওসমান কায়সার চৌধুরী) এখন থেকে বেক্সিমকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বও পালন করবেন। তবে তিনি শাইনপুকুর সিরামিকসের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে থাকবেন।
উভয় কোম্পানির পর্ষদে স্পনসর গ্রুপের মনোনীত পরিচালক হিসেবে থাকছেন ইকবাল আহমেদ, আজমল কবির ও কামরুন নাহার আহমেদ।
করপোরেট গভর্ন্যান্স কোড ২০১৮ অনুযায়ী, পর্ষদে স্বাধীন পরিচালক রাখার বিধান রয়েছে। বেক্সিমকো লিমিটেডের আগের পর্ষদের একমাত্র স্বতন্ত্র পরিচালক ফাহিমুল হককে বাদ দেওয়া হয়েছে। নতুন পর্ষদে স্বাধীন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন শাহ মনজুরুল হক। এ ছাড়া কোম্পানিটিতে আরও একজন স্বাধীন পরিচালক নিয়োগ দেওয়া হবে।
অন্যদিকে, শাইনপুকুর সিরামিকসেও দুজন স্বাধীন পরিচালক নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে বিএসইসি।
তবে পর্ষদ পুনর্গঠনের ক্ষেত্রে একটি শর্ত দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটি। বিএসইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোম্পানিগুলো নিজেদের করা মামলা প্রত্যাহার করলে কমিশনের পক্ষ থেকে দেওয়া অনাপত্তি কার্যকর হবে।
মামলা প্রত্যাহার করা হলে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর এবং ২০২৬ সালের ১৫ জানুয়ারি জারি করা বিএসইসির আদেশগুলো প্রত্যাহার করা হবে বলেও কমিশনের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত সপ্তাহে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ থেকেও সালমান এফ রহমানকে বাদ দিয়ে নতুন পর্ষদ গঠনের অনুমোদন দেয় বিএসইসি। ওই কোম্পানিতেও চেয়ারম্যান হিসেবে এ এস এফ রহমানকে রাখা হয়।
দীর্ঘদিনের পরিচালনাগত ও নিয়ন্ত্রক জটিলতা কাটিয়ে কোম্পানিগুলোর কার্যক্রম স্বাভাবিক করার লক্ষ্যে গত সেপ্টেম্বরে সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো গ্রুপের তালিকাভুক্ত তিন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের আবেদন করা হয়েছিল।
বেক্সিমকো গ্রুপের সহপ্রতিষ্ঠাতা সালমান এফ রহমান দীর্ঘদিন গ্রুপটির গুরুত্বপূর্ণ নেতৃত্বে ছিলেন। পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো লিমিটেড ও শাইনপুকুর সিরামিকস—তিন কোম্পানির পর্ষদেই তিনি ভাইস চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
বিএসইসির সর্বশেষ সিদ্ধান্তের ফলে বেক্সিমকো গ্রুপের তালিকাভুক্ত তিনটি কোম্পানিরই পরিচালনা পর্ষদ পুনর্গঠনের প্রক্রিয়া সম্পন্ন হলো।