1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
‘জেন-জি প্রভাবিত’ নির্বাচনের মুখে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বিতার আভাস— রয়টার্স - Media71tv
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

‘জেন-জি প্রভাবিত’ নির্বাচনের মুখে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বিতার আভাস— রয়টার্স

মিডিয়া ডেস্ক
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

আর দুই দিন পর ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই নির্বাচনকে বিশ্বের প্রথম ‘জেন-জি প্রভাবিত নির্বাচন’ হিসেবে আখ্যা দিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পর অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে বিরোধী দলগুলো হয় বয়কট করেছে, নয়তো সীমিতভাবে অংশ নিয়েছে। তবে টানা প্রায় ১৫ বছর ক্ষমতায় থাকার পর ২০২৪ সালের আগস্টে শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিতব্য এবারের নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিষিদ্ধ। ’২৪-এর অভ্যুত্থানে অংশগ্রহণকারী ও সমর্থকদের মতে, ২০০৯ সালের পর এটিই বাংলাদেশের প্রথম সত্যিকারের প্রতিযোগিতামূলক নির্বাচন।

রয়টার্স জানায়, নির্বাচনে বিএনপির জয় ব্যাপকভাবে প্রত্যাশিত হলেও জামায়াতে ইসলামি তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। অভ্যুত্থান-পরবর্তী সময়ের তরুণভিত্তিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হাসিনা-বিরোধী আন্দোলনকে নির্বাচনী ভিত্তিতে রূপ দিতে ব্যর্থ হয়ে জামায়াতের সঙ্গে জোট করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯২টিতে প্রার্থী দিয়েছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান রয়টার্সকে বলেন, নির্বাচনে জয়ী হয়ে এককভাবে সরকার গঠনে তারা আত্মবিশ্বাসী।

বিশেষজ্ঞদের মতে, ১৭ কোটি ৫০ লাখ মানুষের দেশে চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতা কাটাতে সুষ্ঠু নির্বাচন জরুরি। একই সঙ্গে এই নির্বাচন ভবিষ্যতে চীন ও ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের দিকনির্দেশনাও নির্ধারণ করবে।

প্রতিবেদনে আরও বলা হয়, এবারের নির্বাচনে মোট ভোটারের প্রায় ২৫ শতাংশ তরুণ বা জেন-জি— যাদের সিদ্ধান্ত ভোটের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। পাশাপাশি, যেকোনো ফলাফলই হোক না কেন, ১৯৭১ সালের পর অনুষ্ঠিত নির্বাচনগুলোর মধ্যে এবারই জামায়াতে ইসলামির সর্বোত্তম ফল হতে পারে বলে জনমত জরিপের বরাতে উল্লেখ করেছে রয়টার্স।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!