নারীদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আয়োজনের ঘোষণা আগেই দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে নির্ধারিত সময়ের আগেই টুর্নামেন্টটি শুরু হতে পারে বলে জানা গেছে।
রোববার অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভায় নারী বিপিএল নিয়ে আলোচনা হয়। আগে আগামী ৩–১৫ এপ্রিল আয়োজনের পরিকল্পনা থাকলেও এখন তা মার্চের শেষ সপ্তাহে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টুর্নামেন্টের ম্যাচ দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হতে পারে— শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর এবং চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।
বিসিবির এক পরিচালক জানিয়েছেন, নারী বিপিএলে খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে ড্রাফটের বদলে নিলাম পদ্ধতির দিকেই ঝুঁকছে আয়োজকরা। এছাড়া বিদেশি নামীদামী ক্রিকেটারদেরও অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।
বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ যেমন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, বিগ ব্যাশ লিগ এবং দ্য হান্ড্রেড–এর ধারাবাহিকতায় এবার বাংলাদেশেও শুরু হতে যাচ্ছে নারীদের ফ্র্যাঞ্চাইজি লিগ। প্রথম আসরে তিনটি দল নিয়ে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়