প্রত্যাশার নতুন বাংলাদেশ গড়তে দেশবাসীকে নৈতিকভাবে ভাবার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিটিভিতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, জুলাই আন্দোলন হয়েছিল বৈষম্যহীন বাংলাদেশ এবং কালো রাজনৈতিক ধারার পরিবর্তনের জন্য। দীর্ঘদিন ধরে পরিবারতন্ত্র ও নির্দিষ্ট গোষ্ঠীর হাতে ক্ষমতা কুক্ষিগত ছিল— সেখান থেকে মুক্তির জন্যই এ আন্দোলন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, কিন্তু একটি মহল সেই পরিবর্তনের বিরোধী। কারণ পরিবর্তন হলে তাদের অপকর্মের সুযোগ বন্ধ হয়ে যাবে। এই পরিবর্তনের সাহস দেখিয়েছেন আবরার ফাহাদ, আবু সাঈদ, মুগ্ধ, ওসমান হাদি ও তাদের সহযোদ্ধারা। তাদের আত্মত্যাগের প্রেরণায় নতুন প্রজন্ম আজ পরিবর্তনের জন্য প্রস্তুত।
তিনি বলেন, সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়তে চায় জামায়াত— যেখানে রাষ্ট্র হবে সবার এবং সরকার হবে জনগণের। পারিবারিক পরিচয়ের ভিত্তিতে কেউ ক্ষমতায় বসতে পারবে না।
জামায়াত আমির আরও বলেন, জনসংখ্যা আমাদের জন্য বোঝা নয়, বরং বড় সম্পদ। এই জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে নীতি ও নৈতিকতাভিত্তিক রাজনীতির বিকল্প নেই। নীতি, শৃঙ্খলা ও জবাবদিহিতা ছাড়া কোনো জাতির অগ্রগতি সম্ভব নয়।
নারীদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে নারীরা ঘরের বাইরে সমাজের মূলধারার নেতৃত্বেও সম্মানের সঙ্গে অংশ নেবেন। কোনো মা বা বোনকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না— এমন একটি উন্নত ও আধুনিক বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেন তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়