ব্যবহৃত মোবাইল ফোন হস্তান্তর বা বিক্রির আগে অবশ্যই নিবন্ধন বাতিল (ডি-রেজিস্ট্রেশন) করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ‘ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)’ সিস্টেম পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার পর এ নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ জানুয়ারি থেকে এনইআইআর সিস্টেম পুরোপুরি কার্যকর করা হয়েছে। এর ফলে বর্তমানে দেশের মোবাইল নেটওয়ার্কে সচল থাকা সব মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়েছে।
বিটিআরসি জানায়, এই ব্যবস্থার মাধ্যমে অবৈধ ও চোরাই মোবাইল ফোনের ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। একই সঙ্গে মোবাইল ফোন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করা যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিজের নামে নিবন্ধিত মোবাইল ফোনে সিম পরিবর্তন করার ক্ষেত্রে বা ফোনটি অন্য কারও কাছে হস্তান্তর কিংবা বিক্রির আগে অবশ্যই সংশ্লিষ্ট হ্যান্ডসেটটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে ডি-রেজিস্ট্রেশন করতে হবে।
ডি-রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য সিম কেনার সময় ব্যবহৃত ডকুমেন্ট—জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নম্বরের শেষ চারটি সংখ্যা প্রয়োজন হবে বলে জানানো হয়েছে।
ডি-রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে বিটিআরসি’র ওয়েবসাইট neir.btrc.gov.bd ভিজিট করতে অথবা বিটিআরসি কল সেন্টার ১০০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। পাশাপাশি নিকটস্থ মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টার থেকেও সহায়তা নেওয়া যাবে।







