হিজরি ১৪৪৭ সনের জন্য বাংলাদেশে সাদাকাতুল ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ অনুষ্ঠিত জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুল মালেক।
কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, মুসলমানরা গম, আটা, যব, খেজুর, কিসমিস বা পনির—এর নির্ধারিত পরিমাণ বা সমপরিমাণ বাজারমূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করতে পারবেন। গম বা আটার ক্ষেত্রে অর্ধ সা’ (১ কেজি ৬৫০ গ্রাম) বা এর বাজারমূল্য ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। যবের ক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রাম বা ৫৯৫ টাকা, কিসমিসের ক্ষেত্রে একই পরিমাণে ২ হাজার ৬৪০ টাকা ফিতরা দিতে হবে।
এছাড়া খেজুরের ক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রাম বা ২ হাজার ৪৭৫ টাকা এবং পনিরের ক্ষেত্রে একই পরিমাণে ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজারদরের তারতম্য অনুযায়ী সমপরিমাণ মূল্য দিলেও ফিতরা আদায় হবে।
উল্লেখ্য, ঈদের দিন সুবহে সাদিকের সময় যাদের নেছাব পরিমাণ সম্পদ থাকে, তাদের নিজের ও নির্ভরশীলদের পক্ষ থেকে ফিতরা আদায় করা ওয়াজিব। ঈদের নামাজের আগে ফিতরা পরিশোধ করার বিধান রয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে এ বছর ঈদুল ফিতর আগামী ২০ বা ২১ মার্চ উদযাপিত হতে পারে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়