সরকার ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ স্থাপনের চূড়ান্ত অধ্যাদেশ জারি করেছে। রাষ্ট্রপতির বিশেষ আদেশে প্রণীত এই অধ্যাদেশের মাধ্যমে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজসহ রাজধানীর সাতটি সরকারি কলেজকে নতুন এই বিশ্ববিদ্যালয়ের ‘সংযুক্ত কলেজ’ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে অধ্যাদেশটি জারি করেন। সংসদ ভেঙে যাওয়ায় জরুরি প্রয়োজন বিবেচনায় ৮ ফেব্রুয়ারি থেকেই এটি কার্যকর হয়েছে।
নতুন বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলো হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ। এর আগে গত বছরের ১২ নভেম্বর এসব কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি প্রত্যাহার করা হয়।
অধ্যাদেশে বলা হয়েছে, সংযুক্ত কলেজগুলোর নাম, ঐতিহ্য, অবকাঠামো এবং স্থাবর-অস্থাবর সম্পত্তির মালিকানা অপরিবর্তিত থাকবে। স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়া পর্যন্ত ভাড়া করা ভবন বা উপযুক্ত স্থানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে শিক্ষাদান, ডিগ্রি প্রদান, গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে। রাষ্ট্রপতি পদাধিকারবলে বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন। উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারসহ প্রয়োজনীয় প্রশাসনিক কাঠামো থাকবে।
বিশ্ববিদ্যালয় পরিচালনায় সিন্ডিকেট, সিনেট ও একাডেমিক কাউন্সিল গঠন করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে ছাত্র-শিক্ষক কেন্দ্র ও নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থাও রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়টি বৈষম্যহীনভাবে দেশি-বিদেশি সব শিক্ষার্থীর জন্য উন্মুক্ত থাকবে এবং এর একাডেমিক ও আর্থিক কার্যক্রম তদারকি করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়