
যুবকদের জন্য ‘বেকার ভাতা’কে অপমানজনক আখ্যা দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে যুবসমাজকে কর্মক্ষম ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলা হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস ময়দানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, যুবসমাজ দেশের সম্পদ; তারা দয়া বা অনুদান নয়, কাজের সুযোগ চায়। বিএনপির প্রস্তাবিত ‘বেকার ভাতা’ ও ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, এসব কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।
বিগত সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এবং ক্ষমতায় এলে এই অর্থ উদ্ধার করা হবে। পাশাপাশি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের গবেষণা প্রতিষ্ঠানে রূপান্তরের প্রতিশ্রুতি দেন তিনি।
আইনশৃঙ্খলা বাহিনীর বেতন কাঠামো পুনর্মূল্যায়ন, নারীদের সমান মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলেন জামায়াত আমির। বক্তব্য শেষে তিনি ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং ভোটারদের ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে জনসভাটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়
Leave a Reply