বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১১-দলীয় জোটের প্রধান ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ সব ধর্ম-বর্ণের মানুষের দেশ। এখানে কোনো মাইনরিটি-মেজরিটি থাকবে না, যোগ্যতা ও দেশপ্রেমের ভিত্তিতেই সবাই কাজের সুযোগ পাবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুড়িগ্রামে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, দেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। ক্ষমতায় এলে এসব অর্থ ফেরত আনার সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, জামায়াতে ইসলামী কখনো বিপদের সময় দেশ ছেড়ে যায়নি। সুখে-দুঃখে মানুষের পাশে থেকে দেশের মাটিতেই থাকবে।
উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, উত্তরবঙ্গ থেকেই উন্নয়নের সূচনা হবে। ক্ষমতায় গেলে তিস্তা নদীকে জীবিত করা হবে, হাইড্রোপাওয়ার প্রকল্প বাস্তবায়ন করে পুরো উত্তরবঙ্গে পানি সরবরাহ নিশ্চিত করা হবে এবং অঞ্চলটিকে অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে তিনি বলেন, অপ্রতুল বেতন দুর্নীতির ঝুঁকি বাড়ায়। রাষ্ট্র যদি তাদের সম্মান ও ন্যায্য সুযোগ না দেয়, তাহলে নৈতিক অধিকারও হারায়।
নারীদের উদ্দেশে তিনি বলেন, নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও দেশ গড়ার কাজে সম্মান ও নিরাপত্তার সঙ্গে অংশগ্রহণ নিশ্চিত করা হবে।









Leave a Reply