বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিশ্চিত করেন।
ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শুরু থেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করে বাংলাদেশের পক্ষে অবস্থান নেয় পাকিস্তান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে শেহবাজ শরীফ বলেন, “খেলার মাঠে রাজনীতি হওয়া উচিত নয়। বাংলাদেশের সঙ্গে সংহতি জানিয়ে আমরা ভারতের বিরুদ্ধে খেলব না।” তিনি আরও জানান, এই সিদ্ধান্ত ছিল বিবেচনাপ্রসূত ও উপযুক্ত।
উল্লেখ্য, আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান ইতোমধ্যে ম্যাচে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে।
এদিকে আইসিসি পাকিস্তানকে সতর্ক করে জানিয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হতে পারে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়